গ্রিসে আয়োজিত তৃতীয় ওপেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অব সোলোনিকি দাবা প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এই স্থান অর্জন করেছেন জিয়াউর রহমান। অষ্টম রাউন্ড পর্যন্ত পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে ছিলেন তিনি। শনিবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত নবম তথা শেষ রাউন্ডের খেলায় ইউক্রেনের ফিদে মাস্টার কুকেলকো আলেক্সির কাছে পরাজিত হওয়ায় শিরোপা জিততে পারেননি তিনি।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এই ইভেন্টে সপ্তম রাউন্ডে গ্রিসের গ্র্যান্ডমাস্টার কোট্রোনিয়াস ভ্যাসিলিওয়াসকে হারিয়েছেন। অষ্টম রাউন্ডে সঙ্গে ড্র করেন চীনের গ্র্যান্ডমাস্টার লি গয়োহাউয়ের সঙ্গে।
অপর দিকে, জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ১৩তম হয়েছেন। শনিবার শেষ রাউন্ডের খেলায় তাহসিন ভারতের আন্তর্জাতিক মাস্টার নীলাস সাহার কাছে হেরে যান। সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন গ্রিসের গ্র্যান্ডমাস্টার কোট্রোনিয়াস ভ্যাসিলিওয়াস।
১০টি দেশের ৩জন গ্র্যান্ডমাস্টার, ৪জন আন্তর্জাতিক মাস্টার ও ৮জন ফিদে মাস্টারসহ মোট ৭৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে।









