২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রোমান সানা ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার তার পথ অনুসরণ করে আর্চার সাগর ইসলাম ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
তুরস্কের আনতালিয়ায় চলছে অলিম্পিক কোটা প্লেসের টুর্নামেন্ট। সাগর রিকার্ভ একক ইভেন্টে সেমিফাইনালে উঠে প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন।
বিষয়টি বিশ্ব আর্চারির অফিসিয়াল ফেসবুক পেজ ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন চপল নিশ্চিত করেছেন।
আজ সকালে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ড শুরুর আগে ম্যানেজার মিটিংয়ে বিশ্ব আর্চারি সংস্থা জানিয়েছিল, এই টুর্নামেন্ট থেকে ব্যক্তিগত ইভেন্টে শীর্ষ পাঁচ জন সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবেন। সাগর সেমিফাইনালে উঠায় তা নিশ্চিত হয়।
তুরস্কের আনতালিয়া থেকে বাংলাদেশ আর্চারি জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেছেন, 'আজ সকালে আমাদের মিটিংয়ে নিশ্চিত করা হয়েছে পাঁচ জন অলিম্পিক খেলার সুযোগ পাবে। পরবর্তীতে আমাদের সাগর সেমিফাইনালে উঠায় আমাদের অলিম্পিক কোটা নিশ্চিত হয়েছে।'
শুরুতে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেন বাংলাদেশের দুই আর্চার রাম কৃষ্ণ সাহা ও সাগর ইসলাম। রাম হংকংয়ের কো চীন চাইয়ের কাছে ৬-২ সেট পয়েন্টে হারেন৷ সাগর ইসলাম চেক প্রজাতন্ত্রের লি এডামের সঙ্গে ৫-৫ এ ড্র করেন। টাইব্রেকে সাগর চেক আর্চারের চেয়ে বেশি স্কোর করায় সেমিতে জায়গা করে নেন।
১৯৮৪ সাল থেকে বাংলাদেশ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে। তবে ২০১৬ সালে গলফার সিদ্দিকুর রহমান ও ২০২০ সালে রোমান সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন৷ এবার সাগর তৃতীয় ক্রীড়াবিদ হয়ে অলিম্পিকে খেলবেন।








