মনন রেজা নীড়ের শিরোপা জয় ছিল সময়ের ব্যাপার। অমিত বিক্রমের সঙ্গে ড্র করে ১৪ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ট্রফি উঠেছে তার হাতে।
আজ খেলা শুরুর কয়েক মিনিট পরই দুই জন ড্র মেনে নিয়েছেন। ১৩ রাউন্ড শেষে নীড় ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তিন গ্র্যান্ডমাস্টারকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হলেও উচ্ছ্বাস নেই নীড়ের। আগের দিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অকস্মাৎ মৃত্যু হয়েছে। কাল শ্রীলঙ্কায় খেলতে যাবেন, তাই আজ শুধু নীড়ের খেলা হয়েছে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, তবে একটুও আনন্দ লাগছে না। জিয়া স্যার এভাবে চলে যাবেন চিন্তাও করিনি। আমাদের রেখে চলে গেলেন। খুবই খারাপ লাগছে। স্যারের সঙ্গে আমার অনেক স্মৃতি। তার বাসায় ১১ দিন থেকে অনুশীলন করেছিলাম।'
চ্যাম্পিয়ন হয়ে প্রয়াত জিয়াকে মনে করলেন নীড়, 'স্যারের কথা অনেক মনে পড়ছে। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার শিরোপা স্যারকে উৎসর্গ করছি।'
নারায়ণগঞ্জের ফিলোসোশিয়া স্কুলে নবম শ্রেণিতে পড়েন নীড়। জাতীয় দাবায় পাঁচ বছরের মধ্যেই দেশের চ্যাম্পিয়ন দাবাড়ু হলেন। নীড়ের লক্ষ্য হলো গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্ব জয় করা, 'আমি গ্র্যান্ডমাস্টার হতে চাই। একসময় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বড় স্বপ্ন দেখি।'
এই সাফল্যের জন্য মা মৌমন রেজার অবদান কম নয়। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে ছেলেকে নিয়ে খেলিয়ে গেছেন। মৌমন তাই খুশি, 'নীড় চ্যাম্পিয়ন হয়েছে। ভালো লাগছে। পরিশ্রম সার্থক হয়েছে। এই টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টারের একটি নর্মও হওয়াতে আরও বেশি খুশি।'









