১৯৯০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের হয়ে সোনার পদক জিতে সবাইকে অবাক করে দিয়েছিলেন আতিকুর রহমান। নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ গেমসে সেবারই বাংলাদেশের দলীয় ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার পিস্তলে সোনার পদক এসেছিল। সেই সাফল্য পাওয়া শুটার আতিক আর নেই।
আজ বুধবার সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। ৫৯ বছর বয়সে মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন চট্টগ্রাম থেকে উঠে আসা কৃতি শুটার। শুটিং ফেডারেশন খবরটি নিশ্চিত করেছে। অকল্যান্ডে সেবার প্রথমে ব্রোঞ্জ এসেছিল। এরপর সোনার পদক।
আতিকুর রহমান এরপর দেশকে আরও সাফল্য উপহার দিয়েছেন। ১৯৯৩ সালে ঢাকায় ও ১৯৯৫ সালে মাদ্রাজ সাফ গেমসে (এখন চেন্নাই) সোনা জিতেছেন ব্যক্তিগত ও দলগত দুই বিভাগেই। শুধু তাই নয় জাতীয় চ্যাম্পিয়নশিপেও ছিল দাপট।
আতিকুর রহমান বেশ কিছু দিন আগে থেকে অসুস্থ ছিলেন। তারপরও শুটিংয়ের সঙ্গেই লেগে ছিলেন। তার মৃত্যুতে শুটারদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ বিকেলে শুটিং ফেডারেশনে হবে জানাজা।








