প্যারিসের আকাশে আজ সকাল থেকে বৃষ্টির ঘনঘটা। যদিও থেমে থেমে আকাশ কাঁদছে। আগের দিন অলিম্পিক গেমসের উদ্বোধন হওয়ায় আজ থেকে সোনার পদকের লড়াই শুরু হয়েছে। শুটিংয়ে চীন প্রথম সোনার পদক জিতে নিজেদের আগমনী বার্তা জানান দিয়েছে। বাংলাদেশের আজ কোন ইভেন্ট নেই। শুটার রবিউল ইসলাম রবিবার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়বেন।
চীন-যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের পদক জেতার স্বপ্ন দেখা কঠিন। রবিউল এসেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। নিজের স্কোরটা যতটুকু বাড়িয়ে নেওয়া যায়। তবে সুপ্ত ইচ্ছা তো আছেই। শীর্ষ আটের মধ্যে জায়গা করে নিতে পারলে তা হবে বড় অর্জন। তখন যে কারও জন্য পদক জেতার সুযোগ থাকবে।
প্যারিসে আসার আগে অলিম্পিক শুটিংয়ের বাছাইয়ে মাত্র ০.৩ স্কোর পিছিয়ে থাকায় রবিউলের সরাসরি খেলা হয়নি। এই ইভেন্টে টপ এইটে খেলতে হলে ৬৩০ প্লাস স্কোর প্রয়োজন পড়বে। রবিউল সেই স্কোর করেছিলেন একবার। তবে তার গড় স্কোর ৬২৬-২৭।
প্যারিস এসে রবিউল শোনালেন আশাবাদী কথা, ‘নিয়মিত অনুশীলন করছি। আত্মবিশ্বাস রয়েছে। আশা করছি ভালো স্কোর করে টপ এইটে জায়গা করে নিতে পারবো। সবার কাছে দোয়া চাই।’
রবিউলের ইরানি কোচ জায়ের রেজাইও আশাবাদী, 'অলিম্পিকের ইভেন্টে কখন কী হয় বলা কঠিন। তবে আমাদের অনুশীলন ভালো হচ্ছে। আজও ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। আশা করছি রবিউল কাল ভালো করতে পারবে।'
অলিম্পিকে শুটিং ডিসিপ্লিনের খেলা হচ্ছে প্যারিস থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাথিউরক্সে। কাল সেখানেই শুটিং রেঞ্জে রবিউল নিজেকে ছাড়িয়ে যেতে চাইছেন।









