প্যারিসের মূল মিডিয়া সেন্টার থেকে শালেরো শুটিং কমপ্লেক্সের দূরত্ব কম নয়। সেখানে সড়ক পথে যেতে কয়েক ঘণ্টা লেগে যায়। শুটিংয়ের জন্য সেখানে আলাদা ভিলেজ গড়ে উঠেছে। বাংলাদেশের একমাত্র শুটার রবিউল ইসলামের আজ পরীক্ষা হয়ে গেলো সেখানে। তবে আশানুরূপ সাফল্য পেলেন না তিনি।
যথারীতি বাছাই থেকে বাদ পড়ে প্যারিস অলিম্পিক মিশন শেষ করেছেন রবিউল।
রবিউল খুব আশাবাদী ছিলেন, অন্তত বাছাই পর্বের গণ্ডি পেরোবেন। কিন্তু ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে ৬২৪.২ স্কোর করে ৪৩তম হয়ে ছিটকে যেতে হয়েছে। এই ইভেন্টে অংশ নিয়েছিলেন ৪৯ জন শুটার।
রবিউল শুরুটা খারাপ করেননি। শুরুতে ১০৫.৫ স্কোর করেছিলেন। এরপর আর বেশি স্কোর করতে পারেননি। যথাক্রমে করেছেন ১০৩.২, ১০৩.৫, ১০৩.৪, ১০৪.৭ ও ১০৩.৯।
এই ইভেন্টে বাছাইয়ে চীনের সেইং লি হাও ৬৩১.৭, আর্জেন্টিনার গুতিরেজ মার্সেলো ৬৩১.৭ ও ইতালির সোলার্জ ডেনিলো ডেনিস ৬৩১.৪ স্কোর করে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।
আর অষ্টম হয়েছেন ক্রোয়েশিয়ার গোর্সা পিটার, করেছেন ৬২৯.৬ স্কোর।









