চলমান প্যারিস অলিম্পিক নানাভাবে আলোচনায়। রয়েছে বিতর্কিতকাণ্ডও। প্যারিসের রাস্তায় কোকেইন কেনার অভিযোগে গ্রেফতার হয়েছেন অস্ট্রেলিয়ার হকি দলের খেলোয়াড় টম ক্রেইগ। পরে অবশ্য ছাড়া পেয়ে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
প্যারিসের প্রসিকিউটর অফিসের পক্ষ থেকেও মঙ্গলবার অস্ট্রেলিয়ার খেলোয়াড়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় অবশ্য তাকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। কোনও ধরনের জরিমানা বা দণ্ডাদেশ দেওয়া হয়নি তাকে।
ছাড়া পেয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে ক্রেইগ বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় যা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি ভয়ানক ভুল করেছি। কৃতকর্মের দায় সম্পূর্ণ অমার।’
২৮ বছর বয়সী ক্রেইগ সর্বশেষ দলের হয়ে খেলেছেন রবিবার। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওই ম্যাচে হার দেখেছে অস্ট্রেলিয়া।
ক্রেইগ টোকিও অলিম্পিকে রুপা জিতেছেন। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১০০টি ম্যাচ।









