আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি), ইউ.এস অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেলওয়ারের যৌথ আয়োজনে আয়োজিত ১৫তম ইন্টারন্যাশনাল কোচিং এনরিচমেন্ট প্রোগ্রাম হয়েছে। সেখানে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের প্রতিনিধি রাগবি কোচ এডুকেটর মাহফিজুল ইসলামের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে ইউএস অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি। এর আগে এবছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ অলিম্পিক কমিটির অলিম্পিক সলিডারিটি কমিটির সভায় সদস্য ফেডারেশনগুলোর প্রতিনিধিদের মধ্য হতে মাহফিজুলকে বাছাই করা হয়।
মাহফিজুল প্রথম বাংলাদেশি লেভেল টু রাগবি কোচ ও প্রথম বাংলাদেশি ওয়ার্ল্ড রাগবি এডুকেটর। বাংলাদেশ রাগবির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ৩ বছর কাজ করার পর ২০২২ সাল থেকে এশিয়া রাগবির উন্নয়ন পরামর্শক হিসেবে নিযুক্ত আছেন। এ সময়ে এশিয়া রাগবি আয়োজিত ৪টি আন্তর্জাতিক প্রতিযোগিতার টুর্নামেন্ট ডাইরেক্টর ও ৭টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টেকনিক্যাল জোন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ওসাকায় অনুষ্ঠিত প্যারিস অলিম্পিক কোয়ালিফায়ারের টেকনিক্যাল জোন ম্যানেজার ও হাংজো এশিয়ান গেমসে টেকনিক্যাল অফিসিয়ালের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে এশিয়া রাগবির সেরা কর্মকর্তার পুরস্কার পান বাংলাদেশি এ রাগবি এডুকেটর।
উক্ত কোর্সের ২য় ও ৩য় মডিউল সম্পন্ন করার জন্য আজ যুক্তরাষ্ট্রের কোলারাডো শহরে ইউএস অলিম্পিক ও প্যারালিম্পিক ট্রেনিং সেন্টারে রওনা দেবেন মাহফিজুল ও কোর্সটির সর্বশেষ মডিউল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের এপ্রিলে সুইজারল্যান্ডের লুসার্নে অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তরে। কোর্সটির সম্পূর্ণ অর্থায়ন করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।








