বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) এস এম শফিউদ্দিন আহমেদ। মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বরাবর চিঠি দিয়ে সভাপতির পদ ছেড়েছেন এই কর্মকর্তা।
বুৃধবার সকালে সভাপতির পদত্যাগ পত্র পেয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন । তবে সেই চিঠিতে পদত্যাগের তারিখ উল্লেখ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর। বিওএর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল(অব:) মোহাম্মদ সামছুল আলম খান পদত্যাগের বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘সভাপতি মহোদয়ের পদত্যাগ পত্র বুধবার সকালে আমরা পেয়েছি। এখন আমরা পরবর্তী ধাপে যাবো। দ্রুত আমরা নির্বাহী কমিটির সভা ডাকবো। সেখানে তা গৃহীত হলে তখন নতুন করে নির্বাচনের পথ প্রশস্ত হবে। আশা করছি, সবকিছু করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি।’
ফুটবল ও ক্রিকেট ছাড়াও দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বিওএ-তে সভাপতি পদটি নির্বাচিত। এ পদে সেনাপ্রধানরাই দায়িত্ব পালন করে থাকেন। বিওএ নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর। বর্তমান কমিটির মেয়াদ আরও এক বছরের বেশি রয়েছে।









