রাজশাহীতে বর্ণিল আয়োজনে তারুণ্যের উৎসবে আর্চারির নানা আয়োজন শেষ হয়েছে। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ।
বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু হয় কার্যক্রম। ব্যান্ড বাদক দলের সঙ্গে আদিবাসী মেয়েদের অংশগ্রহণ র্যালিকে দিয়েছে ভিন্ন মাত্রা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে আর্চারি প্রতিযোগিতা ছাড়াও ছিল পিঠা উৎসব ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
তারুণ্যের উৎসবে আর্চারির এই আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর অতিরিক্ত জেলা প্রসাশক মো. মহিনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ গোষ্টী কালচারাল একাডেমির উপ-পরিচালক বেনজামিন টুডু, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নির্বাহী সদস্য শেখ মো. আজিজুর রহমান বাচ্চু, মো. ফারুক ঢালী, সোহেল আকরাম ও আর্চারির জাতীয় কোচ মার্টিন ফ্রেডরিক।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জানান, ‘বাংলাদেশের আর্চারির শিকড় হচ্ছে এই রাজশাহী। প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া আর্চারি সাগর ইসলামের বাড়ি রাজশাহীতে। পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা গেলে রাজশাহী থেকে আরও ১০ জন সাগর ইসলাম তৈরি করা সম্ভব।’
আর্চারির স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রসাশক মহিনুল হাসান জানিয়েছেন, জমির জন্য আবেদন পেলে অতি দ্রুত ব্যবস্থা নেবেন তিনি।
রাজশাহীতে আর্চারি প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে ১০ জন করে মোট ২০ জন আর্চার অংশ নেয়। ছেলেদের বিভাগে সোনা জিতেছেন তুষার। নাঈম রৌপ্য ও সিয়াম জিতেছেন ব্রোঞ্জ। মেয়েদের বিভাগে ইবসার আরাফাত সোনা, মীম রৌপ্য ও রাত্রি ব্রোঞ্জ জয় করেন। আর জুনিয়র বিভাগে অত্তিন জিতেছে সোনা। ইতি রৌপ্য ও আলো আক্তার ব্রোঞ্জ জয় করেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।









