আগেই বলেছিলেন, এবারের জাতীয় অ্যাথলেটিকসে খেলবেন না বর্তমান শতমিটারে দেশসেরা স্প্রিন্টার ইমরানুর রহমান। অবশেষে তা সত্যি হলো। কাল থেকে শুরু হওয়া ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে নেই লন্ডনে বসবাস করা ইমরানুর। তার জায়গায় নতুন করে দ্রুততম মানব কে হবেন তা নিয়ে নতুন চ্যালেঞ্জে নামছেন মোহাম্মদ ইসমাইল, রাগিব ও তুষারসহ অন্যরা।
ইংল্যান্ডে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এই অ্যাথলেট চোট নিয়ে প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন। ওই সময় প্যারিসে দৌড় শেষ করে এই প্রতিবেদকসহ অন্যদের জানিয়েছিলেন, চোট থাকা সত্ত্বেও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সেই সময়ের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু জোর করেই তাকে ট্র্যাকে নামিয়েছিলেন!
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইমরান অংশ না নিলে আগামী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ হারাবেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে যারা ভালো করবেন তাদের মধ্যে থেকে দল নির্বাচন করা হবে। এরপর অন্য কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে ট্রায়ালই হবে জাতীয় দলের খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া।’
বাংলাদেশ সেনাবাহিনীর জার্সিতে চারবার দ্রুততম মানব হওয়া ইমরানুরকে এবার নিবন্ধন করিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নিবন্ধন করলেও রবিবার সন্ধ্যা পর্যন্ত তিনি ঢাকায় আসেননি। তবে খেলবেন না যে, তা পরিষ্কার।
ইমরানুর লন্ডন থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার সঙ্গে নৌবাহিনীর আনঅফিসিয়াল কথা হয়ে আছে। তাদের হয়ে এবার খেলবো আমি। তবে কাল থেকে জাতীয় অ্যাথলেটিকসে খেলবো না। তা নিশ্চিত। বরং যারা খেলছে তাদের জন্য শুভকামনা। তারা যেন নিজেদের সেরাটা দিতে পারে। আসলে আমি এশিয়ান গেমস, এসএ গেমসসহ অন্যগুলোর জন্য তৈরি হচ্ছি।’
ইমরানুরের জায়গায় দ্রুততম মানব কে হবেন সেদিকেই চোখ সবার। চারবারের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলের সঙ্গে নতুনদের প্রতিদ্বন্দ্বিতা হবে ট্র্যাকে। ইসমাইল যেমন বলেছেন, ‘আমি প্রস্তুত। নতুন করে সেরা হওয়ার জন্য।’
তিন দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই সোমবার বিকালে ১০০ মিটার স্প্রিন্টের আকর্ষণীয় ইভেন্ট হবে। এছাড়া নারী ও পুরুষ বিভাগে মোট ৪০টি সোনার পদকের জন্য লড়বেন অ্যাথলেটরা।








