গত বছরের ২৫ মে পেশাদার ক্যারিয়ারে নবম লড়াইয়ে চীনের বক্সারের কাছে হেরে যান সুর কৃষ্ণ চাকমা। সেটাই ছিল তার প্রথম হার। এরপর আর রিংয়ে নামা হয়নি দেশের তারকা বক্সারের। ৯ মাস পর বৃহস্পতিবার আবারও সুর কৃষ্ণ লড়াইয়ে ফিরছেন। দশমবারের লড়াইয়ে তার প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ডের চানাকিয়াদ চুয়াফায়েত। স্থানীয় সময় সন্ধ্যায় হতে যাচ্ছে ম্যাচটি।
গতবার সুপার লাইট ইভেন্টে খেলা হয়েছিল। এবার শুধু লাইট ইভেন্টে হচ্ছে খেলা। ৬১ কেজি ওজন শ্রেণিতে সুর কৃষ্ণ জেতার মিশনে খেলতে নামছেন। এরজন্য ব্যাংককে তিন সপ্তাহ ধরে রাশিয়ান কোচের অধীনে অনুশীলনও করে যাচ্ছেন। দুই প্রতিদ্বন্দ্বির লড়াইয়ে অভিজ্ঞতায় সুর কৃষ্ণ অনেকটা এগিয়ে।
ব্যাংকক থেকে বাংলা ট্রিবিউনকে সুর কৃষ্ণ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘আমার প্রতিপক্ষ আগে ৫টি ম্যাচ খেলেছে। সেই জায়গায় আমার ম্যাচ খেলার অভিজ্ঞতা বেশি, জেতারও। তবে প্রতিপক্ষকে হালকা করে দেখার কিছু নেই। সে নিজেদের দেশের রিংয়ে খেলবে। দর্শকও থাকবে তার পক্ষে। আমি জেতার জন্য রিংয়ে নামবো। আশা করছি দশম ম্যাচটি জিততে পারবো।’
সুর কৃষ্ণের আগে একই রিংয়ে খেলবেন বাংলাদেশের আরেক পেশাদার বক্সার উৎসব আহমেদও। প্রতিপক্ষ স্বাগতিকদের উইসিটসাক সাইওয়েও। দুটি ম্যাচই হতে যাচ্ছে ৬ রাউন্ডের।








