বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক এবং এশিয়ান গেমসে রৌপ্যপদক জয়ী খেলোয়াড় মোহাম্মদ শাহ আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত আনুমানিক ১টার দিকে ভোলার নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মোহাম্মদ শাহ আলম ছিলেন বাংলাদেশের কাবাডি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তার হাত ধরেই দেশের কাবাডি আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। ১৯৯৪ সালের হিরোশিমা এশিয়ান গেমসে তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল রৌপ্যপদক অর্জন করে। এছাড়া ১৯৯০ সালের বেইজিং এশিয়ান গেমসে রৌপ্যপদক জয়ী দলেরও তিনি একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৮৫ সাল থেকে টানা ১০ বছর তিনি জাতীয় দলকে সেবা দিয়ে গেছেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি এবং সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।









