আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। তার সঙ্গে ছায়া হয়ে আছেন তিন সহকারী কোচ। পাবলো আইমার, রবার্তো আয়ালা ও ওয়াল্টার সামুয়েল। এই চার বন্ধুর রসায়নে আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে। সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। এই ম্যাচকে সামনে রেখে ফিফার অফিশিয়াল ওয়েবসাইটকে একটি সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টিনার প্রধান সহকারী কোচ পাবলো আইমার। অস্ট্রিয়া ম্যাচ যে কঠিন হতে যাচ্ছে তা অকপটে বলে দিয়েছেন তিনি।
অস্ট্রিয়া ম্যাচটি নিয়ে সতর্কবার্তা দিয়ে আইমার বলেন, ‘এই বিশ্বকাপে আমরা যেমনটা দেখছি, অস্ট্রিয়াও ঠিক তেমনি এক শক্ত প্রতিপক্ষ। আলজেরিয়ার তুলনায় ওদের খেলার ধরন আলাদা, দলে শারীরিক দিক থেকে শক্তিশালী ফুটবলার বেশি। তবে ম্যাচটি সমান কঠিন হতে যাচ্ছে।’
তবে আলজেরিয়ার বিপক্ষে জয় এবং মেসির হ্যাটট্রিকে প্রথম ম্যাচের স্বস্তি নিয়ে সাবেক এই তারকা মিডফিল্ডার বলেন, ‘গত বিশ্বকাপের মতো এবার আমাদের শুরুটা হোঁচট খেয়ে হয়নি, এটাই সবচেয়ে আনন্দের। একটা স্বস্তি তো অবশ্যই আছে, যদিও তা শতভাগ নয়। আর মেসি? ও যে একজন অনন্য সাধারণ অ্যাথলেট, এই ম্যাচটি ছিল তারই আরেকটি প্রমাণ।’
২০১৮ সালে হোর্হে সাম্পাওলির বিদায়ের পর যখন আর্জেন্টিনা ফুটবল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তখন অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে হাল ধরেছিলেন লিওনেল স্কালোনি। আর শুরু থেকেই তার ছায়াসঙ্গী হিসেবে পাশে আছেন আইমার। স্কালোনির এই অবিশ্বাস্য সাফল্যের মূল চাবিকাঠি কী? কর্ডোবায় জন্ম নেওয়া এই ফুটবল কিংবদন্তি কোনো লুকোছাপা না করেই জানালেন প্রধান কোচের সবচেয়ে বড় শক্তির জায়গা।
আইমারের ভাষায়, ‘স্কালোনি শুধু একটা দারুণ দলই গড়েননি, এমন এক ঝাঁক মানুষকে একত্র করেছেন যারা সবাই একই লক্ষ্যের দিকে ছুটছে। এটা অর্জন করা খুবই কঠিন। আর ওর সবচেয়ে বড় গুণ হলো— ও সবার মাঝে আত্মবিশ্বাস আর মানসিক শান্তি ছড়িয়ে দিতে পারে, যা এই স্তরের ফুটবলে করাটা ভীষণ কঠিন।’
বিশ্বকাপের পাশাপাশি বন্ধুত্বটাও বেশ উপভোগ করছেন আইমাররা। বললেন, ‘আমরা শুধু চারজন সহকর্মী নই, আমরা বন্ধু। আমরা একসাথে কাজ করতে পেরে আনন্দিত। ফুটবল মাঠের ফল যেকোনো দিকে যেতে পারে, কিন্তু এই যে ৪০টা দিন আমরা একসাথে জীবন কাটাচ্ছি, এর পরিবেশটা সুন্দর হওয়া জরুরি। তা না হলে জীবনের এই দিনগুলোই বৃথা মনে হবে।’









