এশিয়ান গেমসে নিজের সেরাটা দিতে পারেননি। তাই হতাশাটা লুকাননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা জানিয়েছেন তিনি। তবে এই ব্যর্থতা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন বাংলাদেশের এই স্প্রিন্টার।
শুক্রবার পুরুষদের ১০০ মিটার সেমিফাইনালে তিনটি হিটে মোট ২৪ জন প্রতিযোগী অংশ নেন। প্রথম হিটে ৮ নম্বর লেনে দৌড়ান ইমরানুর। ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে অষ্টম প্রতিযোগীর মধ্যে সপ্তম হন তিনি। ফলে ফাইনালে ওঠা হয়নি তার।
এর আগে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানব। তবে সেমিফাইনালে এসে নিজের সময় আরও কিছুটা কমালেও তা ফাইনালে ওঠার জন্য যথেষ্ট হয়নি।
বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে ইমরানুর লিখেছেন, ‘আপনার মতো আমিও এশিয়ান গেমসের পারফরম্যান্সে হতাশ। সেমিফাইনালে বাদ পড়ে গেলাম। মোটেও যথেষ্ট মানসম্মত পারফরম্যান্স দেখাতে পারিনি, এমনকি আমার ভালো পারফরম্যান্সগুলোর কাছাকাছিও ছিল না।’
তবে হতাশার মধ্যেও ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। ইমরানুর লিখেছেন, ‘কখনো কখনো এমনটা হয়েই যায়। এখন শুধু এটা কাটিয়ে উঠে কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, তা খুঁজে বের করতে হবে।’
সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের এই স্প্রিন্টার। তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা আর সমর্থন সবসময়ই আমার নজর কাড়ে। কোনো কিছুই নজর এড়ায় না।’
এদিকে এই ইভেন্টে নতুন এশিয়ান গেমস রেকর্ড গড়েছেন থাইল্যান্ডের পুরিপোল বুনসন। ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে তিনি ভেঙেছেন ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে চীনের সু বিংতিয়ানের গড়া ৯.৯২ সেকেন্ডের রেকর্ড।
তবে রেকর্ড গড়লেও এখনও সোনা নিশ্চিত হয়নি বুনসনের। পদকের জন্য তাকে এখন লড়তে হবে ফাইনালে।