ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক টম অ্যাকারলিকে বিয়ের প্রায় এক দশক পর অভিনেত্রী মার্গট রবি তার নামের ক্ষেত্রে পরিবর্তন এনেছেন। যুক্তরাজ্যের কোম্পানিজ হাউজে দাখিল করা কর্পোরেট নথিতে এখন তাকে মার্গট অ্যাকারলি হিসেবে উল্লেখ করা হয়েছে।
নথিগুলো তার ও স্বামীর সহ-প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান লাকি চ্যাপ এন্টারটেইনমেন্টের সঙ্গে সম্পর্কিত।
কোম্পানিজ হাউজে গত সোমবার (২১ সেপ্টেম্বর) গৃহীত ওই নথিতে তার নাম মার্গট এলিস রবির পরিবর্তে মার্গট এলিস অ্যাকারলি হিসেবে লেখা হয়েছে। ২০১৫ সালের মে মাসে কোম্পানিটির পরিচালক হওয়ার পর থেকে এত দিন তিনি প্রতিষ্ঠানের নথিতে নিজের জন্মগত পদবি ‘রবি’ ব্যবহার করে আসছিলেন।
তবে পেশাগত ক্ষেত্রে তিনি ‘মার্গট রবি’ নামটিই ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে।
মার্গট রবি ও টম অ্যাকারলি ২০১৪ সালে সম্পর্কে জড়ান। এর আগে ২০১৩ সালে ‘স্যুইট ফ্রঁসেজ’ ছবির সেটে তাদের পরিচয় হয়েছিল। শুরুতে তারা বন্ধু ছিলেন এবং পরে একই বাসায় থাকতেন। এরপর তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়।
২০১৬ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বায়রন বে-তে একান্ত একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে করেন। ২০২৪ সালের অক্টোবরে এই দম্পতির প্রথম সন্তান জন্ম নেয়।
মার্গট রবি সাধারণত তার ব্যক্তিগত ও দাম্পত্য জীবন আড়ালেই রাখেন। তবে ২০১৬ সালে এক সাক্ষাৎকারে তিনি টম অ্যাকারলি সম্পর্কে কথা বলেছিলেন। সেখানে রবি জানিয়েছিলেন, তিনি কখনও ভাবেননি যে অ্যাকারলির প্রেমে পড়বেন।
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী