ঢাকায় চারজাতি নারী হ্যান্ডবল, বাংলাদেশের চোখ ফাইনালে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৬, ১৭:২৮ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:২৮

ঘরের মাঠে আন্তর্জাতিক হ্যান্ডবলের আসর। প্রতিপক্ষ ভারত, নেপাল ও মালদ্বীপ। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকা বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ। নতুন স্প্যানিশ কোচ আনা আলোনসোর অধীনে প্রথমবারের মতো বড় এই প্রতিযোগিতায় নামছে স্বাগতিকরা। তাদের লক্ষ্য একটাই- ফাইনাল এবং শিরোপার জন্য লড়াই।

পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে আগামী ১৮ থেকে ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট তথা আইএইচএফ নেশনস ট্রফি। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ। টুর্নামেন্ট উপলক্ষে আজ পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতাটি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। চার দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। ১৮, ১৯ ও ২০ অক্টোবর প্রতিদিন হবে দুটি করে লিগ ম্যাচ। লিগ পর্ব শেষে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ। পরদিন ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক ইসমেতারা নিশি। তবে প্রতিপক্ষদের কাউকেই হালকাভাবে নিতে চান না তিনি। বিশেষ করে নেপাল ও মালদ্বীপের উন্নতির কথা উল্লেখ করে নিশি জানিয়েছেন, শুধু ভারতকে ঘিরে পরিকল্পনা করলে চলবে না।

নিশি বলেন, ‘এবারই আমরা প্রথম বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছি। আমাদের আশা, ফাইনাল খেলব। মালদ্বীপ ও নেপাল অনেক উন্নতি করছে। নেপালের আটজন খেলোয়াড় আর্মি দলের হয়ে খেলে। তারা অবশ্যই শক্ত প্রতিপক্ষ। তাই শুধু ভারতকে নিয়ে ভাবলেই হবে না।’

বাংলাদেশ নারী দলের স্প্যানিশ কোচ আনা আলোনসোর লক্ষ্যও কেবল এই টুর্নামেন্টের ফলের মধ্যে সীমাবদ্ধ নয়। দলের ভবিষ্যৎ গড়ে তোলা এবং সামনের প্রতিযোগিতাগুলোর জন্য শক্ত ভিত তৈরি করাকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।

আনা বলেন, ‘বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে ধন্যবাদ, আমাকে মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। অভিজ্ঞতাটি সব দিক থেকেই চমৎকার ছিল। আমরা শুধু এই টুর্নামেন্ট জেতার জন্য কাজ করছি না, বরং বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ভবিষ্যৎ ও আসন্ন প্রতিযোগিতাগুলোর ভিত শক্ত করার লক্ষ্যেও এগোচ্ছি। আমরা সঠিক পথেই আছি।’

দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় প্রতিপক্ষদের বর্তমান শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া কঠিন বলে মনে করেন কোচ। তবে মাঠে সর্বোচ্চটা দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

আনা বলেন, ‘গত কয়েক বছরে দলটির কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। ফলে প্রতিপক্ষ দলগুলোর বর্তমান মান সম্পর্কে ধারণা পাওয়া কঠিন। তবে আমরা শতভাগ নিশ্চিত যে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেব। ফাইনালে যেতে এবং জিততে আমরা লড়াই করব। আমাদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোতে সেরাটা দেব।’

এই টুর্নামেন্টে ইয়েমেনেরও অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আসতে পারছে না দেশটি। এ ছাড়া আরও কয়েকটি দেশকে প্রতিযোগিতায় যুক্ত করার চেষ্টা করেছিল হ্যান্ডবল ফেডারেশন। তবে আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়।

ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ বলেন, ‘ইয়েমেনের আসার কথা ছিল। কিন্তু যুদ্ধের কারণে তারা আসতে পারেনি। আর আফগানিস্তান দলে পাঁচজন ইরানের পাসপোর্টধারী ছিল, যেটা আইএইচএফ অনুমোদন করে না। তাই আমরাও তাদের দাবি মেনে নিইনি।’

আসন্ন দক্ষিণ এশীয় গেমসও বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ। সেখানে ভালো করার প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে কাজে লাগাতে চায় ফেডারেশন। সালাউদ্দিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য আসন্ন এসএ গেমস। আগের দুবার আমরা নেপালের সঙ্গে পেরে উঠিনি। এবার গেমসে ভালো করতে চাই।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: সংসদীয় কমিটি
আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: সংসদীয় কমিটি
সাফে অবশেষে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ
সাফে অবশেষে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
ওপেনএআইয়ের ডাটা সেন্টার প্রধানের দায়িত্বে কে এই ভারতীয় উদয় রুদ্ররাজু
ওপেনএআইয়ের ডাটা সেন্টার প্রধানের দায়িত্বে কে এই ভারতীয় উদয় রুদ্ররাজু
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে