শুরুটা ছিল সমানে সমান। প্রথম ১০ মিনিটে ভারতের মেয়েদের সঙ্গে চোখে চোখ রেখে লড়েছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে, ততই ব্যবধান বাড়িয়েছে প্রতিপক্ষ। শেষ পর্যন্ত ঘরের মাঠে লড়াই করেও শিরোপা জেতা হলো না স্বাগতিকদের। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়েছে ভারত। চার জাতির নারী হ্যান্ডবল টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতেছে প্রতিবেশী দেশটি। লিগ পর্বের পর ফাইনালেও ভারতের কাছে হারলো বাংলাদেশ। তবে লিগ পর্বে নেপাল ও মালদ্বীপকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল সাকিবা-নিশিরা।
ফাইনালে শুরু থেকেই লড়াই করেছে বাংলাদেশ। প্রথমার্ধে ১৪-৯ গোলে এগিয়ে ছিল ভারত। বিরতির পর ম্যাচের চিত্র দ্রুত বদলে যায়। ব্যবধান বাড়াতে থাকে ভারত, আর একাধিক সুযোগ তৈরি করেও গোল আদায় করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও আর ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের।
বাংলাদেশের গোলের পথে বড় বাধা হয়ে দাঁড়ান ভারতের গোলকিপার দিকশা কুমারী। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি। আর পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ভাওয়ানা শর্মা।
এর আগে বুধবার মালদ্বীপকে হারিয়ে টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে নেপাল। ফাইনাল শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ।