লাল দুর্গের রাজা রাফায়েল নাদাল এবার নেই। অনেকের বিশ্বাস, তার রাজত্বে এবার ভাগ বসাতে যাচ্ছেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনে সার্ব তারকার শুরুটা প্রত্যাশিতভাবে জয় দিয়েই হয়েছে, কিন্তু শেষ দিকে ছন্দ হারান তিনি।
সোমবার প্যারিসে প্রথম রাউন্ডের খেলায় ১১৪ নম্বর র্যাংকিংধারী আলেক্সান্ডার কোভাচেভিচকে হারিয়েছেন জোকোভিচ। প্রথম দুই সেটে দাপট দেখিয়ে জেতেন তিনি। কিন্তু শেষ সেটে দুইবারের রোলাঁ গাঁরো চ্যাম্পিয়নের বিপক্ষে ঘুরে দাঁড়ান আমেরিকান তরুণ। টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে শেষ সেট।
৬-৩, ৬-২, ৭-৬ (৭-১) গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন জোকোভিচ। রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে ৩৬ বছর বয়সী তারকা পরের রাউন্ডে মুখোমুখি হবেন হাঙ্গেরির মার্টন ফুকসোভিকসের।
২০১৬ ও ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করে বলেছেন, ‘প্রথম দুই সেটে আমি ভালো খেললাম। কিন্তু পরে আমি সুযোগ নিতে পারিনি, মনোযোগও হারিয়েছিলাম। কিন্তু এটা ইঙ্গিত দিয়েছে আলেক্সান্ডারের লেভেল কেমন, বেশ ভালো। যখন আপনি গ্র্যান্ড স্লামে খেলবেন, তখন প্রতিপক্ষ আপনাকে জয় এনে দেবে না, আপনাকে এটা অর্জন করতে হবে।’









