২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে কসোভো স্বাধীন এলাকা হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে এই অঞ্চল নিয়ে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান। সম্প্রতি কসোভোয় আলবেনিয়ান মেয়র নিয়োগের পর থেকে তা বেড়ে গেছে। তার অপসারণের দাবিতে চলছে বিক্ষোভ, এরই মধ্যে ন্যাটো শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে সার্ব বিক্ষোভকারীদের সংঘর্ষে ২৫ জন নিরাপত্তাকর্মী ও ৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এই অস্থিরতা চলার মধ্যেই ফ্রেঞ্চ ওপেনে কসোভোকে নিয়ে টিভি ক্যামেরার লেন্সে বার্তা লিখে নতুন বিতর্কের জন্ম দিলেন নোভাক জোকোভিচ।
প্রথম রাউন্ডে সহজ জয়ের পর সার্ব তারকার সই বা শুভেচ্ছা বার্তা নেওয়ার জন্য টিভি ক্যামেরার লেন্স এগিয়ে দেওয়া হয়। কসোভোকে সার্বিয়া অংশ হিসেবে মন্তব্য করে সেখানে তিনি লেখেন, ‘কসোভো সার্বিয়ার হৃদয়। সহিংসতা বন্ধ করুন।’ এরপরই তার বিরুদ্ধে খেলায় রাজনৈতিক বিতর্ক টেনে আনার অভিযোগ আনা হয়।
জোকোভিচ অবশ্য তার বার্তা সম্পর্কে আরএফআই রেডিওকে ব্যাখ্যা দিয়েছেন, ‘কসোভো আমাদের গুরুত্বপূর্ণ অংশ, আমাদের শক্তির জায়গা, আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কেন্দ্রস্থল। ক্যামেরায় আমার ওই বার্তা লেখার অনেক কারণ আছে।’
রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লামের মিশনে নামা সার্ব তারকা আরও বলেন, ‘আমি রাজনীতিবিদ নিই এবং রাজনৈতিক বিতর্কও তৈরি করার কোনও ইচ্ছা নেই, এটা খুব স্পর্শকাতর বিষয়।’
কসোভোয় যা ঘটছে, তা কষ্ট দেয় জোকোভিচকে, ‘কসোভোয় যা হচ্ছে সেটা একজন সার্ব হিসেবে দেখে আমি অবশ্যই ব্যথিত। অন্তত আমি আমার জায়গা থেকে যা করার সেটা করেছি। একজন জনব্যক্তিত্ব ও কসোভোয় জন্ম নেওয়া এক বাবার সন্তান হিসেবে আমি মনে করি আমার দেশের মানুষদের সমর্থন জানানো বাড়তি দায়িত্বের মধ্যে পড়ে। আমার কোনও অনুতাপ নেই, আবারও করতে পারি, আমার অবস্থান পরিষ্কার। আমি যুদ্ধ, সহিংসা ও যে কোনও ধরনের দ্বন্দ্বের বিরুদ্ধে। আমি সবসময় সেটা প্রকাশ্যে করেছি।’
ফ্রেঞ্চ ওপেনে এমন বিতর্কের জন্ম দিলেও আয়োজকরা জানিয়ে দিয়েছে, জোকোভিচের বিরুদ্ধে এই ব্যাপারে তারা কোনও পদক্ষেপ নিতে যাচ্ছে না।








