ফ্রেঞ্চ ওপেনে গত বছর তৃতীয় শিরোপা জিতেছিলেন নোভাক জোকোভিচ। সেটা ধরে রাখার লক্ষ্যে এবার কোর্টে নেমেছিলেন। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটও পেয়েছেন। কিন্তু খেলতেই পারলেন না। হাঁটুর ইনজুরিতে ওয়াকওভার করেছেন সার্ব তারকা।
আগের রাউন্ডে চোট পান জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিল ক্যাস্পার রুড। কিন্তু মুখোমুখি হওয়ার আগেই সরে দাঁড়ালেন। মঙ্গলবার টুর্নামেন্ট আয়োজকরা এই খবর নিশ্চিত করেছে।
এক বিবৃতি দিয়ে তারা জানায়, ‘ডান হাঁটুতে (আজকের এমআরআই স্ক্যানের পর) চিড় ধরা পড়ার কারণে নোভাক জোকোভিচ রোলাঁ গারোঁ টুর্নামেন্ট থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।’
বিশ্বের এক নম্বর ও ২৪ বারের গ্র্যান্ডস্লাম জয়ী শেষ চারে চোখ রেখে বুধবার রুডের মুখোমুখি হতেন। গত বছর ফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়ে লাল কোর্টের শ্রেষ্ঠত্ব ফিরে পান সার্ব তারকা।
৩৭ বছর বয়সী জোকোভিচ সোমবার ফ্রান্সিস্কো সেরুনদোলোর বিপক্ষে পাঁচ সেটের লড়াইয়ে জেতার পর থেকে ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করেন। স্বীকার করেন বেদনানাশক ওষুধ ব্যবহার করে ম্যাচ খেলতে হয়েছে তাকে।








