ইউএস ওপেনে সহজ জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ফেভারিট কার্লোস আলকারেজ। আরেক ফেভারিট নোভাক জোকোভিচ অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিলেন। পরে সেই ধাক্কা কাটিয়ে নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড।
দ্বিতীয় রাউন্ডে ইতালির মাত্তিয়া বেলুচ্চিকে সরাসরি সেটে ৬-১, ৬-০, ৬-৩ গেমে উড়িয়ে দিয়েছেন আলকারেজ। তাও আবার সেটা করেছেন এক ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ে।
বেলুচ্চির বিপক্ষে একেবারে অপ্রতিরোধ্য ছিলেন ২২ বছর বয়সী আলকারেজ। জয়ের পর বলেছেন, ‘সত্যি করে বলতে ভালো করে খেলার চেষ্টা করেছি। সেটা করেছি শুরু থেকে শেষ বল পর্যন্ত। কোর্টে যত কম সময় কাটানো যায়, ততবেশি আমার জন্য ভালো। তাহলে দ্রুত ঘুমাতে যেতে পারবো।’
অপর দিকে, রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সার্বিয়ান লিজেন্ড নোভাক জোকোভিচকে ঘাম ঝরাতে হয়েছে। শুরুর সেটেই তাকে চমকে দেন আমেরিকান বাছাই জ্যাচারি সাভাজদা। শুরুর সেটে ৬-৭ (৫-৭) গেমে হার মানেন তিনি। পরে অবশ্য বাকি তিন সেটে লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছেন ৬-৩, ৬-৩, ৬-১ গেমে।
৩৮ বয়সী জোকোভিচ অবশ্য স্বীকার করেছেন, এখন যদিও সেরা ফর্মে নেই, কিন্তু টুর্নামেন্ট যত এগোবে নিজেকে ফর্মে ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করছেন তিনি, ‘টুর্নামেন্ট যত দূর এগোবো, নিজের খেলাও তত ভালো লাগবে, আমার আশা সেটাই।’
এই জয়ে তিনি ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে রেকর্ড-সমান ১৯তম বারের মতো পৌঁছালেন। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ ব্রিটেনের ক্যামেরন নরি। নরি আবার আর্জেন্টিনার ফ্রান্সিসকো কোমেসানাকে হারিয়েছেন ৭-৬ (৭/৫), ৬-৩, ৬-৭ (০/৭), ৭-৬ (৭/৪) গেমে।








