চার হাজার রানের ক্লাবের সদস্য হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ক্যারিবিয়ান সাবেক ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজের সমান ৯৬ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছান উইলিয়ামসন। কিউই ব্যাটসম্যান হিসেবে ১১তম ক্রিকেটার তিনি, যিনি ওয়ানডে ক্রিকেটে চার হাজার কিংবা তারও বেশি রান করেছেন। নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম চার হাজার রান এটাই।
সোমবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে কেন উইলিয়ামসন ৩০৮০ নিয়ে মাঠে নামেন। ১২ ওভারের শেষ বলে সৌম্য সরকারকে বাউন্ডারি মেরে এই মাইলফলক স্পর্শ করেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত অবশ্য তাসকিনের শিকারে পরিণত হন উইলিয়ামসন।
১৫তম ওভারে অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে মুশফিকুর রহিমকে সহজ ক্যাচ দেন নিউজিল্যান্ড এই অধিনায়ক। ৩৬ বলে ৫ চারে ৩১ রানের ইনিংস সাজিয়েছেন তিনি। তার বর্তমান রান সংখ্যা ৪০১১। ৯৬ ইনিংসে ৮ সেঞ্চুরি ও ২৬ হাফসেঞ্চুরিতে ৪৬.২৭ গড়ে তিনি এই রান সংগ্রহ করেছেন।
সবচেয়ে কম ইনিংসে খেলে চার হাজার রানের ক্লাবের সদস্য হয়েছেন অবশ্য হাশিম আমলা। মাত্র ৮১ ম্যাচ খেলে ভারতের বিপক্ষে এই মাইলফলকে পৌঁছান দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। উইলিয়ামসন ও গর্ডন গ্রিনিজের চেয়ে কম ইনিংসে ওয়ানডেতে চার হাজার রান ছুঁয়েছেন কেবল হাশিম আমলা (৮১), ভিভ রিচার্ডস (৮৮) ও বিরাট কোহলি (৯৩)।
নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান স্টিভেন ফ্লেমিংয়ের। ২৬৮ ইনিংসে তার রান সংখ্যা ৮০০৭।
/আরআই/কেআর/








