কিউইদের বিপক্ষে চতুর্থ হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। শনিবার তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ৭১ বলে হাফসেঞ্চুরির দেখা পান তিনি। এটা তামিমের ক্যারিয়ারের ৩৪তম হাফসেঞ্চুরি।
মিচেল স্যান্টনারের বলে মিডউইকেটের দিকে বল ঠেলে দিয়ে হাফসেঞ্চুরি পূরণ করেন তামিম। ৫০ রান করতে তামিম মেরেছেন ৫টি বাউন্ডারি।
এ দিন শুরু থেকেই ধীরস্থিরভাবে খেলেছেন সব ফরম্যাটে সবচেয়ে বেশি রান করা তামিম। ওপেনিংয়ে ইমরুলকে সঙ্গে নিয়ে ১০২ রানের জুটি গড়েন বাংলাদেশের সেরা এই ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম উইকেটে বাংলাদেশের এটা দ্বিতীয় সেরা জুটি। এর আগে ২০১০ সালে ঢাকায় জুনায়েদ সিদ্দিকী ও ইমরুল মিলে উদ্বোধনী জুটিতে ১২৭ রান তুলেছিলেন।
তামিম সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ৭টি। এ ছাড়া ভারতের বিপক্ষে ৬টি, পাকিস্তানের বিপক্ষে ৫টি হাফসেঞ্চুরি রয়েছে তামিম ইকবালের।
/আরআই/কেআর/








