নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এখন টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের চোখ রাঙাচ্ছে একই পরিণতি। মাউন্ট মাঙ্গানুইতে রবিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি খেলতে মাঠে নামবে মাশরাফিরা। এই ম্যাচের পর পরই কিউইদের বিপক্ষে শেষ হয়ে যাবে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) বাংলাদেশের লড়াই।
এরপর মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ কিউইদের বিপক্ষে খেলবে দুটি টেস্ট ম্যাচ। সেই সুবাদে কালই শেষ হয় যাচ্ছে মাশরাফির নিউজিল্যান্ড সফর। সেই সঙ্গে মাশরাফিরও! মাশরাফি অবশ্যই চাইবেন অন্তত শেষটা জয় দিয়ে রাঙিয়ে রাখতে। এমন কিছু চিন্তাতেই জয়ের স্বপ্ন দেখছে কোটি ক্রিকেট প্রেমী।
রবিবার মাউন্ট মাঙ্গানুইতে বাংলাদেশ সময় সকাল আটটায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও চ্যানেল নাইনে।
সাদা পোষাকের ক্রিকেট শুরু হওয়ার আগে এই ম্যাচ থেকে বাংলাদেশের প্রাপ্তি শুধুমাত্র হতে পারে কেবল সান্ত্বনার জয়। কেন না ওয়ানডে সিরিজের পর শুক্রবার টি-টোয়েন্টি সিরিজও খুঁইয়েছে সফরকারীরা।
শুক্রবার একই মাঠে ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচটি হেরেছিল মাশরাফিরা। টপ অর্ডাররা রান না পাওয়াতে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য পুরো সিরিজেই ছন্নছাড়া ব্যাটিং করেছে অতিথিরা। শেষ ম্যাচে আশা- হয়তো গোছানো ক্রিকেট খেলতে পারবে তারা। নিউজিল্যান্ড সফরে টানা হারের বৃত্তটা হয়তো রবিবার সকালেই ভেঙে যাবে!
দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রাপ্তি বলতে সৌম্য সরকারের রানে ফেরা। অনেকদিন পর ৩০’র উপর রান করেছেন সৌম্য। রান করটা অবশ্য গুরুত্বপূর্ণ নয়! গুরুত্বপূর্ণ ছিল আত্মবিশ্বাসটুকু বাড়িয়ে নেওয়া। সৌম্য অবশ্য যতক্ষণই ক্রিজে ছিলেন, ছিলেন আত্মবিশ্বাসী।
২৬ বলে ৩৯ রানের ইনিংস খেলার পথে হয়তো ব্যাট-প্যাডটা কাটিয়েছেন বেশ ভালোভাবেই। অবশ্য রবিবার সকালেই প্রমাণ হবে, ঠিক কতটা ফর্মে ফিরেছেন তিনি।
শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলে একটিমাত্র পরিবর্তন হতে পারে। মুস্তাফিজকে বসিয়ে খেলানো হতে পারে তাসকিন আহমেদকে। তাসকিন হয়তো সাদা বলে খেলতে নামার ওয়ার্মআপটা এই ম্যাচেই সেরে নেবেন! সেই সঙ্গে বাংলাদেশও শেষের অংশটা রাঙিয়ে নেওয়ার সুযোগ পাবে।
/আরআই/এফএইচএম/








