গল টেস্টে প্রথমবারের মতো ‘সেঞ্চুরি’ করেছেন সাকিব আল হাসান। তবে সেটা ব্যাট হাতে নয়, বল হাতে। এই টেস্টে প্রথম ইনিংসে ৩২.১ ওভার বোলিং করে ১০০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে আরও বেশি ব্যয়বহুল ছিলেন, ২৫ ওভার বোলিং করে ১০৪ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। তবে ঝুলিতে আরও কয়েকটি উইকেট ভরার প্রত্যাশা ছিল তার।
নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে সাকিব বলেছেন, ‘উইকেট পেলে তো আরও ভালো লাগতো (হাসি)। এতো ওভার বোলিং করলাম, আরও উইকেট পেলে ভালো লাগতো। কিন্তু সব সময়ই সব কিছু হবে এমন কোনও কথা নেই।’
প্রথম ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিলেন সাকিব। শেষ পর্যন্ত ২৩ রানে বাজে শট খেলে আউট হন তিনি। তারপরও নিজের প্রথম ইনিংসকে ভালো বলেই আখ্যায়িত করলেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার, ‘আরও একটা ইনিংস আছে। প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছিলাম, চেষ্টা করব দ্বিতীয় ইনিংসে আরও ভালো করতে। সেই সঙ্গে অবশ্যই চেষ্টা থাকবে দলের প্রয়োজেন বেশিক্ষণ উইকেটে থাকার।’
লঙ্কান বাঁহাতি স্পিনাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে বরাবরই ভালো করছে। শেষ দিনে তারা হুমকি হয়ে উঠতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘আসলে যে কেউইতো হুমকি হতে পারে। ওদের সবগুলো বোলারই ভালো। আমাদের সবাইকে দেখেশুনে খেলতে হবে। যেহেতু আমরা একটু পিছিয়ে। আমাদের একটু সচেতনভাবে খেলতে হবে। আমি প্রথম ইনিংসে দেখেছি ওরা সবাই ভালো জায়গায় বোলিং করেছে।’
/আরআই/এফএইচএম/








