টিম ম্যানেজমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন বললেন মাহমুদউল্লাহ মঙ্গলবার সকালে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের বিমান ধরবেন। টেস্ট দল থেকে বাদ পড়ার খবর নিশ্চিত হওয়ার পর শুরু হলো তার ওয়ানডেতেও না থাকা নিয়ে গুঞ্জন। এনিয়ে ধোঁয়াশার যেন শেষই হলো না বিসিবির সংবাদ সম্মেলনে। সংবাদমাধ্যম দুপুর থেকে কয়েক ঘণ্টা ধরে মাহমুদউল্লাহর দেশে ফেরার খবর প্রচার করলেও সেটা জানেই না বোর্ড।
দুপুরে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে টিম ম্যানেজার খালেদ মাহমুদ বলেন, ‘রিয়াদ ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই দেশে ফিরে যাচ্ছে। একাদশে যেহেতু থাকছেই না, তাই দলের সঙ্গেও রাখা হচ্ছে না। ও কালকেই দেশে ফিরবে।’
টিম ম্যানেজমেন্ট তো বোর্ডেরই অংশ। অথচ কয়েক ঘণ্টা পার হলেও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এ ব্যাপারে কোনও খবর জানতে পারেননি। সোমবার বিকালে সংবাদ সম্মেলন ডেকে বোর্ড প্রধান জানিয়েছেন শততম টেস্টে মাহমুদউল্লাহর না থাকা নিশ্চিত। কিন্তু ওয়ানডে দলে তার থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।
ওয়ানডে খেলার যদি সম্ভাবনাই থাকে তাহলে কেন তাকে দেশে ফেরানো হচ্ছে এমন প্রশ্নে অবাকই হলেন নাজমুল। কারণ মাহমুদউল্লাহর দেশে ফেরার ব্যাপারে জানান নেই তার, ‘ওয়ানডে দলে মাহমুদউল্লাহর না থাকার কোনও কারণ নেই। তার দেশে ফেরার খবর সম্পর্কে বোর্ড কিছু জানে না। দেশে ফেরার সিদ্ধান্তটা তার ব্যক্তিগত।’
আগামী ১৫ মার্চ কলম্বো পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
/আরএম/এফএইচএম/







