সকালের সেশনকে গুরুত্ব দিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারে দেখেছিল সাফল্যের মুখ। মেহেদী হাসান মিরাজ উদ্বোধনী জুটি ভাঙলে উদযাপনে মাতে মুশফিক বাহিনী। কিন্তু সেই আনন্দ মাটি করে দেন দিমুথ করুনারত্নে। তার হাফসেঞ্চুরিতে লিড নিয়ে প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা।
দ্বিতীয় ইনিংসে দলীয় ৫৪ রানে বিনা উইকেটে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। কিন্তু মাত্র তিনটি রান যোগ করতেই উইকেট হারায় তারা। মিরাজ তার দিনের প্রথম বলেই উপুল থারাঙ্গাকে (২৬) বোল্ড করেন। ৫৭ রানে লঙ্কানদের প্রথম উইকেট পায় বাংলাদেশ। তবে করুনারত্নে শক্ত প্রতিরোধ গড়েছেন কুশল মেন্ডিসকে নিয়ে।
৯২ বলে ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি করে বাংলাদেশকে পেছনে ফেলেছেন করুনারত্নে। মেন্ডিসের সঙ্গে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন তিনি। ৪৩ ওভারে ১ উইকেটে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে জমা পড়েছে ১৩৭ রান। বাংলাদেশ ৮ রানে পিছিয়ে।
১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল শ্রীলঙ্কা।
/এফএইচএম/








