শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ মার্চ থেকে শুরু ওয়ানডে সিরিজ। তার আগে স্বাগতিকদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতেই ওই ম্যাচের জন্য দলের দুই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও আবুল হাসান রাজুকে শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে। আগামীকাল রবিবার তাদের পৌঁছানোর কথা।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মিরপুরে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের চাওয়ায় আমরা দুই ক্রিকেটারকে পাঠাচ্ছি। রবিবার যাবে ওরা। টেস্ট সিরিজে যারা খেলছে তাদের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে প্রস্তুতি ম্যাচে।’
দুই ক্রিকেটারের মধ্যে রাজু এর আগেও জাতীয় দলের হয়ে খেলেছেন। অন্যদিকে সাইফউদ্দিন সর্বশেষ যুব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
ওয়ানডে সিরিজের আগে ২২ মার্চ একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
/আরআই/এফএইচএম/







