দেশে উদ্ভাবনীমূলক ও আন্তর্জাতিকমানের উদ্যোগ তৈরির লক্ষ্যে এবং ট্রিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারে এসব উদ্যোগকে নিয়ে যেতে আয়োজিত জাতীয় প্রতিযোগিতা ‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’-এর শীর্ষ ৫০ উদ্যোগ নির্বাচিত হয়েছে। সম্প্রতি দ্বিতীয় বাছাইপর্ব শেষে দেশি ও আন্তর্জাতিক বিচারকরা এই উদ্যোগগুলো নির্বাচন করেন।
আইডিয়া ও পণ্য ক্যাটাগরিতে সর্বশেষ নির্বাচিত ১০০টি উদ্যোগ থেকে শীর্ষ ৫০ উদ্যোগ বাছাই করা হয়। শিগগিরই উদ্যোগগুলো নিয়ে ‘আইডিয়া ও প্রোডাক্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হবে। যেখানে উদ্যোগগুলোর মানোন্নয়নসহ সামনে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন দিক-নিদের্শনা দেবেন দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
আগামী জুলাই মাসে দিনব্যাপি ‘কানেক্টিং স্টার্টআপ ডে’ অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত ৫০টি উদ্যোগ প্রদর্শিত হবে এবং বিজয়ী ১০ উদ্যোগের নাম ঘোষণা করা হবে।
এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমি উদ্যোগগুলো ভালোভাবে দেখেছি, বিবেচনা করেছি। প্রতিযোগিতায় অনেক ভালো উদ্যোগ এসেছে। আমার প্রত্যাশা, এসব উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা পাবে। এগিয়ে যাবে বাংলাদেশে স্টার্টআপের অগ্রযাত্রা ও প্রতিষ্ঠিত হবে মিলিয়ন-বিলিয়ন ডলারের কোম্পানি।
বেসিস সভাপতি শামীম আহসান বলেন, স্টার্টআপে শীর্ষ দেশগুলোতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্টার্টআপগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশেও একইভাবে আইসিটি বিভাগ, বেসিসসহ সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটি শক্তিশালী ও স্থায়ী স্টার্টআপ ইকোসিস্টেম তৈরির লক্ষ্যেই আয়োজন করা হয়েছে কানেক্টিং স্টার্টআপ বাংলাদেশ।
প্রসঙ্গত, আইসিটি বিভাগ, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যৌথভাবে কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই আয়োজনে ইনকিউবেশন ও টেলিকম পার্টনার হিসেবে বাংলালিংক এবং ভেঞ্চার ক্যাপিটাল ও অ্যাক্সিলারেটর সহযোগী হিসেবে রয়েছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, গ্যাপ এবং কিজকি।
/এইচএএইচ/








