ব্যবহারকারীর নিরাপত্তার নিশ্চয়তার ক্ষেত্রে অন্যান্য সকল ব্র্যান্ডের থেকে অ্যাপলের আইফোন বরাবরই নির্ভরযোগ্য। আইফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পর তা বন্ধ দেখালে স্বাভাবিকভাবেই ব্যবহারকারী আতঙ্কিত হন। তবে ফাইন্ড মাই ডিভাইস-এর মতো আইফোনে থাকা আরও কয়েকটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে চালু থাকলে হারানো ফোন বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব।
যে সেটিংসগুলো আগে থেকেই চালু রাখবেন
ফোনের মূল সেটিংস থেকে > [আপনার নাম] > ফাইন্ড মাই > ফাইন্ড মাই আইফোন মেনুতে গিয়ে ‘ফাইন্ড মাই আইফোন’ ও ‘ফাইন্ড মাই নেটওয়ার্ক’—এই দুটি অপশনই চালু রাখতে হবে। ফাইন্ড মাই নেটওয়ার্ক ফিচারটি মূলত আশপাশের অ্যাপল ডিভাইসের ব্লুটুথ সংযোগ ব্যবহার করে অফলাইন অবস্থায় আইফোনের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে। একই জায়গায় থাকা ‘সেন্ড লাস্ট লোকেশন’- অপশনটিও চালু রাখা উচিত। এতে ব্যাটারি শেষ পর্যায়ে থাকা অবস্থায় আইফোন তার সর্বশেষ অবস্থানের তথ্য অ্যাপলের কাছে পাঠায়। পাশাপাশি সেটিংস > প্রাইভেসি এন্ড সিকিউরিটি > লোকেশন সার্ভিসেস থেকে লোকেশন এবং সেটিংস > ব্লুটুথ মেনু থেকে ব্লুটুথ চালু থাকতে হবে। এছাড়াও ফোনটির অবস্থানও গত সাত দিনের মধ্যে অন্তত একবার ‘ফাইন্ড মাই’তে আপডেট হওয়া থাকতে হবে।
সেটিংস ঠিকভাবে কাজ করছে কি না যাচাই করতে আইফোনের ওপরের ডান দিক থেকে নিচে সোয়াইপ করে পাওয়ার আইকন চেপে ধরে পাওয়ার-অফ স্ক্রিন খুলতে হবে। সেখানে “আইফোন ফাইন্ডেবল আফটার পাওয়ার অফ” লেখা দেখা গেলে বোঝা যাবে, ফোনটি বন্ধ হওয়ার পরও শনাক্ত করা যাবে।
চুরি হলে যে সেটিংসটি কাজে আসবে
চোর যাতে লক থাকা অবস্থায় কন্ট্রোল সেন্টার খুলে এয়ারপ্লেন মোড চালু করে ফোনটিকে অফলাইনে নিতে না পারে, সে জন্য সেটিংস > ফেইস আইডি এন্ড পাসকোড > অ্যালাও অ্যাক্সেস হোয়েন লকড-এ গিয়ে ‘কন্টোল সেন্টার’ অপশনটি বন্ধ করে রাখুন। এতে ফোন চুরি হলেও লক স্ক্রিন থেকে সহজে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।
বন্ধ আইফোন কতক্ষণ খুঁজে পাওয়া যায়?
এই সুবিধা আইফোন ১১ বা পরবর্তী মডেলে, আল্ট্রা-ওয়াইডব্যান্ড চিপ ও অন্তত আইওএস ১৫ থাকলে কাজ করে। তবে আইফোন ‘এসই’ ও ‘ই’ সিরিজের কিছু মডেল এই সুবিধাটি সমর্থন করেনা। চার্জ থাকা অবস্থায় ফোনটি ম্যানুয়ালি বন্ধ করা হলে প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত সেটি শনাক্ত করা যেতে পারে। আর ব্যাটারি শূন্যে নেমে গেলেও আইওএস ১৫ দশমিক ২ বা পরবর্তী সংস্করণের সামঞ্জস্যপূর্ণ আইফোন প্রায় ৫ ঘণ্টা পাওয়ার রিভার্স অবস্থায় থেকে কম শক্তির ব্লুটুথ সংকেত পাঠাতে পারে। এ সময় ফোনটি শেষ সঞ্চিত শক্তি ব্যবহার করে কম শক্তির ব্লুটুথ সংকেত আশপাশের অ্যাপল ডিভাইসে পাঠায়, যা ‘ফাইন্ড মাই’ নেটওয়ার্কের মাধ্যমে ফোনটির অবস্থান শনাক্ত করতে সহায়তা করে। এরপর ফোনের সর্বশেষ শনাক্ত অবস্থান ফাইন্ড মাই-তে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত দেখা যেতে পারে। সাত দিনের বেশি সময় অবস্থান আপডেট না হলে সাধারণত “নো লোকেশন ফাউন্ড” দেখাবে।
ফোনটি তাও খুঁজে না পেলে অন্য অ্যাপল ডিভাইস বা ফাইন্ড মাই ওয়েবসাইট থেকে সেটিকে ‘লস্ট মোড’-এ রাখা যায়। এতে ফোনটি আবার চালু হলে মালিকের দেওয়া বার্তা লক স্ক্রিনে দেখানো যায় এবং স্টোলেন ডিভাইস প্রোটেকশন চালু থাকলে লস্ট মোড বন্ধ করতে ফেইস আইডি বা টাচ আইডি প্রয়োজন হয়। তাই ফোন বিক্রি, বিনিময় বা অন্যকে দেওয়ার সময় ছাড়া সাধারণত ফাইন্ড মাই অবশনটি বন্ধ না রাখাই নিরাপদ।









