ব্যাংক ও ক্রেডিট কার্ডের লেনদেন বিশ্লেষণ করবে ক্লড, জানাবে আয়-ব্যয়ের হিসাব

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ২০:০৭ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২০:০৭

মাসজুড়ে কোথায় কত টাকা খরচ হয়েছে, কোন খাতে ব্যয় বেড়েছে কিংবা অপ্রত্যাশিত কোনও চার্জ কাটা হয়েছে কি না, এসব তথ্য জানতে এবার সরাসরি ব্যাংক ও ক্রেডিট কার্ডের হিসাব বিশ্লেষণ করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লড। এ জন্য ‘পার্সোনাল ফাইন্যান্স’নামের নতুন একটি সুবিধা চালু করছে ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আর্থিক হিসাব যুক্ত করে স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলেই আয়-ব্যয়ের তথ্য ও লেনদেনের বিশ্লেষণ পাবেন।

নতুন সুবিধাটি ব্যবহারের জন্য ব্যাংক ও ক্রেডিট কার্ডের হিসাব ক্লডের সঙ্গে যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে আর্থিক তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করবে ‘প্লেইড’ নামের একটি সেবা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজ নিজ ব্যাংকে সাইন ইন করে কোন কোন হিসাবের তথ্য ক্লডকে দেখার অনুমতি দেবেন, তা নির্ধারণ করতে পারবেন। ফলে ব্যাংকের পাসওয়ার্ড সরাসরি ক্লডের কাছে দিতে হবে না।

হিসাব যুক্ত করার পর ব্যবহারকারীরা এ মাসে আমার টাকা কোথায় খরচ হয়েছে? বা প্রতি মাসে কোন খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হচ্ছে?, এ ধরনের প্রশ্ন করতে পারবেন। ক্লড তখন বিভিন্ন হিসাবের লেনদেন একত্র করে বাসাভাড়া, ইউটিলিটি বিল, খাবার কিংবা কেনাকাটার মতো খাত অনুযায়ী ব্যয়ের হিসাব দেখাবে। আগের মাসগুলোর সঙ্গে তুলনা করে কোনও খাতে খরচ বেড়েছে কি না, সেটিও জানা যাবে। একই সঙ্গে একাধিকবার কাটা চার্জ, অপ্রত্যাশিত ফি কিংবা নিয়মিত বাড়তে থাকা বিল শনাক্ত করার চেষ্টা করবে চ্যাটবটটি।

শুধু ব্যয়ের হিসাব নয়, ব্যবহারকারীরা আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, সে সম্পর্কেও জানতে পারবেন। বার্ষিক সুদের হার বা এপিআরের মতো আর্থিক পরিভাষা ব্যাখ্যা করার পাশাপাশি ঋণ বা ক্রেডিট কার্ডের সুদ বাবদ কত অর্থ খরচ হয়েছে, তার হিসাবও দিতে পারবে ক্লড। চাইলে সাপ্তাহিক ব্যয়ের চার্ট, বিল পরিশোধের ক্যালেন্ডার কিংবা নিজের পছন্দমতো আর্থিক ড্যাশবোর্ড তৈরি করা যাবে।

ব্যক্তিগত আর্থিক তথ্যের নিরাপত্তায় অ্যানথ্রপিক জানিয়েছে, ক্লডের প্রবেশাধিকার শুধু তথ্য দেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটি ব্যবহারকারীর অর্থ স্থানান্তর, ব্যাংক হিসাব পরিচালনা কিংবা বিনিয়োগ করতে পারবে না। যুক্ত করা হিসাব থেকে ব্যাংকের নাম, হিসাবের ধরন, ব্যালেন্স, ক্রেডিট লিমিট এবং সর্বোচ্চ দুই বছরের লেনদেনের তথ্যের অ্যাক্সেস পাবে ক্লড। পার্সোনাল ফাইন্যান্স বিভাগে করা কথোপকথন এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে নতুন সুবিধাটি আপাতত পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্যই চালু হচ্ছে। চলতি সপ্তাহ থেকে ক্লডের প্রো, ম্যাক্স ও আলট্রা সাবস্ক্রিপশনধারীরা পর্যায়ক্রমে এটি ব্যবহারের সুযোগ পাবেন। বিনা মূল্যের সংস্করণসহ টিম ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য এখনও সুবিধাটি চালুর ঘোষণা দেওয়া হয়নি।

/এসএইচএম/
সম্পর্কিত
করাচির রেস্তোরাঁয় খাবার পরিবেশনে রোবট
টেসলার সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের
এক জায়গায় চ্যাট ও কাজের সুবিধা, ডেস্কটপ অ্যাপে পরিবর্তন আনছে ওপেনএআই
সর্বশেষ খবর
ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি ভাই’
ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি ভাই’
চীন-ইইউ’র বাণিজ্যিক উদ্বেগ নিরসনে আলোচনা চায় বেইজিং
চীন-ইইউ’র বাণিজ্যিক উদ্বেগ নিরসনে আলোচনা চায় বেইজিং
ধূমপানমুক্ত এলাকা হচ্ছে জাতীয় সংসদ চত্বর
ধূমপানমুক্ত এলাকা হচ্ছে জাতীয় সংসদ চত্বর
সোমবার শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন
সোমবার শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে