রাতারাতি কোটিপতি হয়ে গেলেনে যে প্রতিষ্ঠানের সকল কর্মী

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১৮:৪০ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৮:৪০

শেয়ারবাজারে অভিষেকের পর অ্যানথ্রপিকের তরুণ প্রতিষ্ঠানটির বিপুলসংখ্যক কর্মী রাতারাতি মিলিয়নিয়ার হয়ে গেছেন। কেউ কেউ হয়েছেন একাধিকবার মিলিয়নিয়ার।

নিয়ন্ত্রক সংস্থার নথি অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা ছিল ৫ হাজার ৩০০। অ্যানথ্রপিক শেয়ারপ্রতি ৮৩ ডলারে আইপিও মূল্য নির্ধারণ করার পর প্রায় ৬০০ কর্মী ‘সেন্টি-মিলিয়নিয়ার’ ক্লাবে ঢুকেছেন। বেসরকারি কোম্পানির শেয়ারের তথ্য রাখা প্রতিষ্ঠান হিল ডটকমের তথ্য অনুযায়ী, তাদের শেয়ারের মূল্য ১০ কোটি ডলারের বেশি।

প্রতিষ্ঠানের ভেতরে ‘অ্যান্টস’ নামে পরিচিত কর্মীদের মধ্যে ২ হাজার ৮০০ জনের শেয়ারের মূল্য ১ কোটি ডলারের বেশি। প্রায় ৫ হাজার ১০০ জন, অর্থাৎ ৯৬ শতাংশ কর্মীর শেয়ারের মূল্য ১০ লাখ ডলারের ওপরে।

হিলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু বেনসন বৃহস্পতিবার সিএনএনকে বলেন, সবচেয়ে বিস্ময়কর হলো, এটি কত দ্রুত ঘটেছে। তিনি জানান, অ্যানথ্রপিক থেকে কর্মী ছেড়ে যাওয়ার ঘটনা খুব কম। বেনসন বলেন, অনেক দিন ধরেই স্পষ্ট ছিল যে অ্যানথ্রপিক একটি রকেট। তাই কেউ ছেড়ে যেতে চাইতেন না, কারণ তারা জানতেন এর সুযোগ-ব্যয় কত।

সিলিকন ভ্যালির স্টার্টআপগুলো সাধারণত নগদ অর্থে দুর্বল হওয়ায় বেতনের সঙ্গে শেয়ারও দেয়। ভবিষ্যতে অধিগ্রহণ বা আইপিওর প্রতিশ্রুতি কর্মীদের পরিশ্রমী রাখে। তবে অ্যানথ্রপিকের মতো দ্রুত ও বড় হয়েছে, এমন স্টার্টআপ খুব কম। ২০২১ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির ২০২৪ সালের শেষে কর্মী ছিল এক হাজারেরও কম।

বেনসন বলেন, আর্থিক ফলাফলের ক্ষেত্রে জ্যেষ্ঠতার চেয়ে আগে যোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আপনি পদে অনেক নিচে থাকতে পারেন, কিন্তু ২০২৩ বা ২০২৪ সালে যোগ দিয়ে থাকলে এ বছরের শুরুতে যোগ দেওয়া জ্যেষ্ঠ কর্মীর চেয়ে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

তুলনায় স্পেসএক্স জুনে বিপুল আলোচিত আইপিওর আগে দুই দশকের বেশি সময় বেসরকারি কোম্পানি ছিল। ২২ হাজার কর্মীর মধ্যে ওই আইপিওতে প্রায় ৪ হাজার ৪০০ জন মিলিয়নিয়ার হয়েছেন।

অ্যানথ্রপিকের আইপিও আরও একটি কারণে ব্যতিক্রম। এতে প্রতিষ্ঠাতা নন, এমন অভ্যন্তরীণ শেয়ারধারীরা লেনদেনের প্রথম দিনেই শেয়ার বিক্রি করে নগদ অর্থ তুলতে পারছেন। বেশির ভাগ আইপিওতে কর্মীরা সাধারণত তিন থেকে ছয় মাস শেয়ার বিক্রি করতে পারেন না। কিন্তু অ্যানথ্রপিকের তালিকাভুক্তিতে জটিল ও ধাপে ধাপে লকআপ সূচি রাখা হয়েছে। এতে তারা লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে নিজেদের শেয়ারের ১০ শতাংশ পর্যন্ত বিক্রি করতে পারছেন। বৃহস্পতিবার কত অভ্যন্তরীণ শেয়ারধারী এ সুযোগ নিয়েছেন, তা জানা যায়নি।

টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় ছড়িয়ে থাকা স্পেসএক্সের কর্মীদের মতো নয়, অ্যানথ্রপিক বিশেষভাবে সান ফ্রান্সিসকোকেন্দ্রিক। প্রযুক্তি খাতের হঠাৎ বিপুল সম্পদে এ শহরের পুরো অর্থনীতিই আগে নতুন রূপ পেয়েছে।

নতুন মিলিয়নিয়ারদের এই ঢল শিগগিরই সান ফ্রান্সিসকোর আবাসন বাজারে চাপ বাড়াতে পারে, যেখানে বাড়ির দাম ইতিমধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বাড়ছে। রেডফিনের তথ্য অনুযায়ী, অক্টোবরে সেখানে একটি সাধারণ বাড়ি গড়ে ১৭ লাখ ডলারে বিক্রি হয়েছে, যা এক বছর আগের চেয়ে প্রায় ১৯ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রে বাড়ির গড় দাম প্রায় অপরিবর্তিত ছিল, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটর্সের তথ্য অনুযায়ী, ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলার।

সূত্র: সিএনএন

/এসএইচএম/
সম্পর্কিত
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো
ব্যাটারির শক্তিতে উড়লো চীনের ১৯ আসনের উড়োজাহাজ, এক চার্জে পাড়ি দেবে দীর্ঘ পথ
মুক্তির প্রথম দিনেই ২৩৬ কোটি ডলারের বিক্রি, রেকর্ড গড়লো জিটিএ ৬
সর্বশেষ খবর
দেশে সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ
দেশে সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠাচ্ছে মালয়েশিয়া
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠাচ্ছে মালয়েশিয়া
জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারের অনুমোদন
জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারের অনুমোদন
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের