রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায় প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, এই রায় রোহিঙ্গাদের ন্যায় বিচারের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং গণহত্যার বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। আমরা মনে করি, তাদের নিরাপদ প্রত্যাবাসন জরুরি।
শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় একটি দালিলিক স্বীকৃতি পেলো। একইসঙ্গে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি আরও জোরালো ভিত্তি পেলো।
তিনি বলেন, এ রায় শুধু রোহিঙ্গাদের ন্যায়বিচারের জন্য গুরুত্বপূর্ণ নয়, বিশ্বের যেকোনও প্রান্তে গণহত্যার বিরুদ্ধে লড়াই এবং অপরাধীদের জবাবদিহির ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নজির হয়ে থাকবে।
সাইফুল হক বলেন, মিয়ানমারের সামরিক জান্তা ও অন্যান্য সশস্ত্র পক্ষের সহিংসতা এবং নিপীড়নের কারণে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিজ ভূমি থেকে বিতাড়িত। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ থেকে ১৪ লাখ রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্বদেশ প্রত্যাবাসন নিশ্চিত করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম জরুরি দায়িত্ব।
তিনি বলেন, গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়ার পর রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রশ্নটি আরও জোরালো হয়েছে। তাদের নিজ দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। শুধু প্রত্যাবাসনের কথা বললেই হবে না, রোহিঙ্গাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ ভূমিতে ফিরে যাওয়ার বাস্তব পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, এই রায়ের ভিত্তিতে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি এখন আরও জোরালোভাবে সামনে আনতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসতে হবে।
সাইফুল হক আরও বলেন, গণহত্যা কোনও দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। এটি আন্তর্জাতিক দায়। রোহিঙ্গাদের ক্ষেত্রে যে বিচারিক প্রক্রিয়া এগিয়েছে, বিশ্বের অন্যত্র সংঘটিত গণহত্যার ক্ষেত্রেও একই নীতি কার্যকর করতে হবে।