ফিশিং লিংক কী, যেভাবে ফাঁদে ফেলে ব্যাংকের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে প্রায়ই মেসেজ, ই-মেইল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন লিংক পাওয়া যায়। কখনও বলা হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, কখনও পুরস্কার জেতার খবর দিয়ে লিংকে ক্লিক করতে বলা হয়। আবার ফেসবুক বা অন্য কোনও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়েও পাঠানো হয় বার্তা। এসব লিংকের কিছু হতে পারে ফিশিংয়ের ফাঁদ।অসতর্কভাবে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা আর্থিক তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে।

ফিশিং লিংক কী?

ফিশিং হলো এক ধরনের অনলাইন প্রতারণা। এতে সাইবার অপরাধীরা পরিচিত বা বিশ্বস্ত কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সেবার পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে। তাদের উদ্দেশ্য থাকে ব্যবহারকারীর ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করা, অ্যাকাউন্টে প্রবেশাধিকার নেওয়া কিংবা ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড করানো।

ফিশিং লিংক সাধারণত এমন কোনও ওয়েবসাইটে নিয়ে যায়, যেটি দেখতে পরিচিত প্রতিষ্ঠানের আসল ওয়েবসাইটের মতো। সেখানে ব্যবহারকারীকে লগইন করতে, পাসওয়ার্ড দিতে, ব্যাংক বা কার্ডের তথ্য জানাতে কিংবা ব্যক্তিগত তথ্য পূরণ করতে বলা হতে পারে। ব্যবহারকারী এসব তথ্য দিলে তা প্রতারকদের হাতে চলে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে, প্রতারকেরা ই-মেইল ও মেসেজের মাধ্যমে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা পরিচিত প্রতিষ্ঠানের পরিচয় নকল করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। শুধু লিংক নয়, ই-মেইলের সংযুক্ত ফাইলের মাধ্যমেও ক্ষতিকর সফটওয়্যার ছড়ানো হতে পারে।

কীভাবে বুঝবেন কোন লিংক ফিশিংয়ের?

ফিশিং লিংক শনাক্ত করার জন্য কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।

অস্বাভাবিক বার্তা বা জরুরি সতর্কতা: কোনও বার্তায় অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখানো, দ্রুত পেমেন্ট করতে বলা কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হলে সতর্ক হোন। প্রতারকেরা অনেক সময় ব্যবহারকারীকে চিন্তা করার সুযোগ না দিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

লিংকের ঠিকানা ভালোভাবে চেক করুন: পরিচিত প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মতো দেখতে হলেও লিংকের বানানে সামান্য পরিবর্তন থাকতে পারে। যেমন, কোনও পরিচিত ওয়েবসাইটের নামের একটি অক্ষর বদলে দেওয়া কিংবা অতিরিক্ত শব্দ যুক্ত করা। তাই লিংকে ক্লিক করার আগে ঠিকানাটি যাচাই করুন।

ব্যক্তিগত তথ্য চাওয়া: ই-মেইল, মেসেজ বা অচেনা ওয়েবসাইটের মাধ্যমে পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, কার্ড নম্বর কিংবা ওটিপি চাওয়া হলে সতর্ক থাকুন। পরিচিত প্রতিষ্ঠানের নামে পাঠানো বার্তা হলেও যাচাই না করে এসব তথ্য দেবেন না।

অচেনা প্রেরক ও অপ্রত্যাশিত অফার: অপরিচিত নম্বর বা ই-মেইল থেকে পুরস্কার, ছাড় কিংবা বিনা মূল্যে কিছু পাওয়ার প্রলোভন দেখানো হলে যাচাই করুন। অচেনা ব্যক্তির পাঠানো লিংক বা ফাইল খোলার আগে সতর্ক থাকা জরুরি।

কিউআর কোডের ক্ষেত্রেও সতর্কতা: শুধু ওয়েব লিংক নয়, কিউআর কোড স্ক্যান করেও ফিশিংয়ের শিকার হতে পারেন। অপরিচিত বা সন্দেহজনক উৎসের কিউআর কোড স্ক্যান করলে তা ভুয়া ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। ফিশিং লিংক থেকে নিরাপদ থাকবেন যেভাবে প্রথমত, অপরিচিত বা সন্দেহজনক কোনও লিংকে ক্লিক করবেন না।

কোনও ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের নামে বার্তা এলে সেই বার্তার লিংক ব্যবহার না করে সরাসরি প্রতিষ্ঠানের পরিচিত ওয়েবসাইট বা অ্যাপ থেকে অ্যাকাউন্টে প্রবেশ করুন। প্রয়োজনে প্রতিষ্ঠানের পরিচিত ফোন নম্বর বা আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে বার্তার সত্যতা যাচাই করুন।

দ্বিতীয়ত, প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করলে একটি অ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ার পর অন্য অ্যাকাউন্টগুলোও ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু রাখুন। এতে পাসওয়ার্ড অন্যের হাতে গেলেও অতিরিক্ত যাচাই ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ কঠিন হয়।

এ ছাড়া ফোন, কম্পিউটার ও অ্যাপ নিয়মিত হালনাগাদ রাখুন। সন্দেহজনক বার্তা পেলে সেটির উত্তর না দিয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করুন এবং মুছে ফেলুন। কোনও পরিচিত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক লিংক এলেও সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া ভালো।

ভুলে ফিশিং লিংকে ক্লিক করলে কী করবেন?

ভুল করে কোনও সন্দেহজনক লিংকে ক্লিক করলে আতঙ্কিত না হয়ে দ্রুত ব্যবস্থা নিন। ওয়েবসাইটে কোনও পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য দিয়ে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আসল ওয়েবসাইট বা অ্যাপ থেকে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন। একই পাসওয়ার্ড অন্য কোথাও ব্যবহার করলে সেগুলোও পরিবর্তন করুন। অ্যাকাউন্টে অপরিচিত ডিভাইস বা সেশন দেখা গেলে সেগুলো থেকে লগআউট করুন এবং এমএফএ চালু করুন। ব্যাংক বা কার্ডের তথ্য দিয়ে থাকলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। কোনও ফাইল ডাউনলোড হয়ে থাকলে সেটি খুলবেন না এবং ডিভাইসের নিরাপত্তা সফটওয়্যার দিয়ে স্ক্যান করুন।

কর্মক্ষেত্রের অ্যাকাউন্ট হলে সংশ্লিষ্ট আইটি বা নিরাপত্তা বিভাগকে জানান। ফিশিং প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতন থাকা। পরিচিত প্রতিষ্ঠানের নাম, লোগো কিংবা আকর্ষণীয় অফার দেখেই কোনও বার্তাকে বিশ্বাস করা উচিত নয়। লিংকে ক্লিক করার আগে কয়েক সেকেন্ড সময় নিয়ে প্রেরক ও ওয়েবসাইটের ঠিকানা যাচাই করলেই অনেক ঝুঁকি এড়ানো সম্ভব।

/জেএ/এসএইচএম/
সম্পর্কিত
আজ থ্যাংকসগিভিং ডে: কৃতজ্ঞতা আর ভালোবাসা ভাগাভাগির উৎসব
পৃথিবীর বুকে বিস্ময় জাগানো চার অদ্ভুত গাছ
দিগন্তজোড়া জল আর সবুজের মায়ায় ঘেরা বাসুলিয়া
সর্বশেষ খবর
কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
ছাত্রদলের মিছিল দেখে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, এরপর যা ঘটলো 
ছাত্রদলের মিছিল দেখে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, এরপর যা ঘটলো 
একদিন পর ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত
একদিন পর ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত
৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ
৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা