বাংলাদেশের তথ্যপ্রযুক্তির প্রকল্প অনেক দেশ অনুসরণ করছে।‘ডিজিটাল বাংলাদেশ মডেল’ নেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে তারা। এ নিয়ে তারা বাংলাদেশের সঙ্গে কথাও বলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রবিবার এক অনুষ্ঠানে এসব তথ্য জানান।
স্থানীয় বাজারে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার বাজার সম্প্রসারণে সরকারের আইসিটি বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে বেসিস আয়োজন করতে যাচ্ছে বিজটেক বিটুবি কনফারেন্স, যা দেশের প্রথম ভিন্নধর্মী বিজনেস সলিউশন প্রদর্শনী। এখানে ব্যাংকিং ও ফিন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য ও তৈরি পোশাক খাতের ওপর ইন্ডাস্ট্রি পেপার উপস্থাপন, আলাদা ৪টি গোলটেবিল বৈঠক, প্রদর্শনী এবং বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে। আগামী ২১ ও ২২ মে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলন হবে।
এ উপলক্ষে বিস্তারিত জানাতে রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র্রে (বিআইসিসি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জুনাইদ আহমেদ পলক।
আরও পড়তে পারেন: দিল্লি চায় এ বছরেই হোক শেখ হাসিনার ভারত সফর
তিনি বলেন, আমরা আইসিটির বিভিন্ন মডেল, প্রকল্প তৈরি করছি আর অন্যান্য দেশ সেসব নিতে আগ্রহ প্রকাশ করছে।এখন আর তথ্যপ্রযুক্তির জন্য আমাদের বিদেশ থেকে পরামর্শ আনতে হয় না।
পলক বলেন, ২০২১ সালের মধ্যে আমরা ১ হাজার তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা তৈরি করবো। চলতি বছর ৫-৬টি পণ্য তৈরি করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় গভর্নমেন্ট অ্যাপস স্টোর,ওয়েব পোর্টাল তৈরি করেছে। সামনে আসছে আমাদের দেশব্যাপী ই-শপ কর্মসূচি।
প্রতিমন্ত্রী বলেন, দেশে ৯ কোটি মোবাইল সিম নিবন্ধন সম্পন্ন হয়েছে।এর প্ল্যাটফর্ম তৈরি করেছে এদেশের টাইগার আইটি, ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে দোহাটেক।এর অর্থ আমাদের আন্তর্জাতিকমানের কাজ করার সক্ষমতা রয়েছে।
বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম,আইসিটি বিভাগের হারুন আর রশীদ ও এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা,বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ। আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বেসিসের মহাসচিব ও বিজটেক বিটুবি কনফারেন্সের আহ্বায়ক উত্তম কুমার পাল।
শামীম আহসান বলেন,আমরা প্রতিবছর কয়েকশ’ মিলিয়ন ডলারের সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তি সেবা আমদানি না করে স্থানীয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শক্তিশালী আইসিটি ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি। স্থানীয় বাজার উন্নয়নে ইতিমধ্যেই বেসিসের পক্ষ থেকে পাবলিক প্রকিউরমেন্ট পলিসি ও আইনে বেশ কিছু পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। বিজটেক বিটুবি কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন খাতের শীর্ষব্যক্তিরা স্থানীয় সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার সক্ষমতা সম্পর্কে জানতে ও যাচাই-বাছাই করে দেখতে পারবেন।
আরও পড়তে পারেন: অবশেষে বিধ্বংসী রূপে ফিরলেন সাকিব
এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা বলেন,আমরা তথ্যপ্রযুক্তিতে আমাদের সক্ষমতা দেখাতে পেরেছি। তারই স্বীকৃতি মিলছে ধারাবাহিকভাবে এটুআই প্রকল্পের বিভিন্ন উদ্যোগের আন্তর্জাতিক পুরস্কার লাভ। তিনি বলেন, এরই মধ্যে মালদ্বীপ ডিজিটাল বাংলাদেশ মডেল নিয়েছে। ভুটানসহ আরও ৮-৯টা দেশ এই মডেল নিতে আগ্রহ প্রকাশ করেছে।
বিজটেক বিটুবি কনফারেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে http://biztech.basis.org.bd/ সাইটে লগইন করতে হবে।
/এইচএএইচ/এমএসএম /








