ঈদ উৎসবে দেশীয় ই-কমার্সের পালে হাওয়া, বিক্রি বেড়েছে ৩ গুণ

হিটলার এ. হালিম
০৫ জুলাই ২০১৬, ০১:০৮আপডেট : ০৫ জুলাই ২০১৬, ০৭:২০

ইকমার্স ওয়েবসাইটে পণ্য দেখে ফোন বা সাইটের মাধ্যমেই ফরমায়েশ করা, ডেবিট বা ক্রেডিট কার্ডে দাম পরিশোধ করে বাসায় বসে কাঙ্ক্ষিত পণ্য বুঝে পাওয়া অথবা পণ্য বুঝে পেয়ে দাম মেটানো  মোটামুটি এই হলো আমাদের দেশীয় ই-কমার্সের চিত্র।
গত চার-পাঁচ বছর ধরে অনলাইনে বাণিজ্য বা ই-কমার্স জমতে শুরু করেছে। গত বছর থেকে ঈদ কেন্দ্রিক ই-কমার্সের পালে লেগেছে হাওয়া। এবার পণ্য ও সেবা বিক্রিও বেড়ে গেছে ৩ গুণ। ই-কমার্সের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে ই-কমার্সের মাধ্যমে পণ্য ও সেবার লেনদেন হয়েছে প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি টাকা।
কী নেই ই-কমার্স সাইটে। জামা-কাপড় থেকে শুরু করে স্যুট, গৃহস্থালি পণ্য থেকে শৌখিন পণ্য, জুতা স্যান্ডেল, পালং শাক থেকে চিংড়ি মাছ, দেশীয় মোবাইলফোন সেট থেকে আইফোন, গ্যাজেটস সবই পাওয়া যায়। বরং বলা সহজ কী পাওয়া যায় না। ফাস্টফুড থেকে কাঁচাবাজার—ফোন করলেই ঘরে বসে মিলবে। রাজধানীর যানজট, ধূলোবালি মাড়িয়ে যাতায়াতের ঝক্কি এড়াতে অনেকেই আজকাল আর শপিংয়ে যেতে চান না। ঘরে বসেই পেতে চান কাঙ্ক্ষিত বস্তুটি। যার সমাধান দিচ্ছে ই-কমার্স। শহর ও জেলা শহরগুলো থেকে যত অফার আসবে তত ই-কমার্স সেবা বিস্তৃত হবে।

বেসিসের সভাপতি ও বাগডুম ডট কমের চেয়ারম্যান শামীম আহসান বললেন, ঈদের বিক্রি ভালো হচ্ছে। বিক্রি বেড়েছে ৩ গুণ। তিনি বললেন, ঢাকার বাইরে থেকে অর্ডার বেশি এসেছে এবার। বাগডুম ডট কমের রি-ব্র্যান্ডিংটা (আগে ছিল এখানেই ডট কম) ক্রেতারা ভালোভাবে নিয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, রি-ব্র্যান্ডিংয়ের ফলে কোনও প্রভাব পড়েনি মার্কেটে। তিনি আরও বলেন, আমাদের আরও বড় হতে হবে। বিদেশি আগ্রাসনের (বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠান) কাছে হেরে যাব না। আমাদের ভালোভাবে এবং শক্ত হয়েই টিকে থাকতে হবে। তাহলেই আমাদের দেশে একদিন আমাজন, আলিবাবা ডট কমের মতো বড় বড় কোম্পানি তৈরি হবে।

ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদের সময় স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি বেড়েছে ৩ গুণ বেশি। তিনি জানান, স্বাভাবিক সময়ে দেশে প্রতিদিন ১০ হাজারের মতো ই-কমার্সে লেনদেন হয়ে থাকে। আর এখন তা হচ্ছে ২৫-৩০ হাজারের মতো। তিনি মনে করেন, লেনদেনে সংখ্যা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রতিদিন ৫-১০ লাখ হওয়া উচিত।

জানা গেল, এবার ঢাকার বাইরে থেকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে ফরমায়েশ এসেছে। এটাই ই-কমার্স উদ্যোক্তার আশার সঞ্চার করেছে। রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে ই-কমার্স সেবা পৌঁছে দিতে পারলে এ খাতের বিকাশ বিস্তৃত হবে।  

তবে দেশীয় ই-কমার্স উদ্যোক্তরা করপোরেট ট্যাক্সকে এ খাতের জণ্য অশনিসংকেত হিসেবে দেখছেন। এটা এই খাতকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, প্রিয়শপ ডট কমের প্রধান নির্বাহী আশিকুল আলম খান বাংলা ট্রিবিউনকে জানালেন, ঢাকার বাইরে থেকে ৬০ ভাগের মতো ফরমায়েশ পেয়েছেন। দেশের বাইরে (দেশের স্বজনদের জন্য অনেকে প্রবাস থেকে পণ্যের ক্রয়ের ফরমায়েশ দিয়েছেন) থেকেও উল্লেখযোগ্য সংখ্যক পণ্য বিক্রির ফরমায়েশ পেয়েছেন। এ সবকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

আশিকুল আলম খান আরও বলেন, এবার একটা বিষয় ছিল লক্ষণীয়। আর তা হলো মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। আগে সাধারণত মানুষের ‘পারচেজ সাইজ’ ছিল এক হাজার টাকা। এবার বেশিরভাগ ফরমায়েশ এসেছে ৩-৪ হাজার টাকার। এটাকে তিনি এ খাতের উন্নতি হিসেবে দেখছেন।            

এছাড়া মুন্সিজি ডট কম, চাল-ডাল ডট কম, গিফটমেলা ডট কম, আমার দেশ আমার গ্রাম, বাংলাদেশি গহনা ইত্যাদি সাইটেও বিক্রির হার ভালো। অন্যদিকে এফ-কমার্স তথা ফেসবুককে কেন্দ্র করে গড়ে ওঠা ই-কমার্সও বেশ জমজমাট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দেশের মোট ই-কমার্সের প্রায় ৪০ ভাগ ফেসবুকের মাধ্যমে হচ্ছে।

/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি