গুগল সার্চের এআই জানবে ব্যক্তিগত নথি ও খরচের হিসাব

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৯:২২ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৯:২২

কোনো ভ্রমণের পরিকল্পনা করতে গেলে হোটেল বুকিং, কেনাকাটার হিসাব কিংবা প্রয়োজনীয় নথিপত্রের তথ্য আলাদা করে খুঁজতে হয়। আবার কোনো প্রকল্প নিয়ে কাজ করার সময় বিভিন্ন ফাইল ও নথি ঘেঁটে প্রয়োজনীয় তথ্য বের করাও সময়সাপেক্ষ। এসব কাজ সহজ করতে গুগল সার্চের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘এআই মোডে’ ব্যক্তিগত তথ্য ব্যবহারের পরিধি বাড়াচ্ছে গুগল। নতুন সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের গুগল ড্রাইভ, গুগল ওয়ালেট ও জেমিনাই অ্যাপের তথ্য যুক্ত করার মাধ্যমে আরও প্রাসঙ্গিক উত্তর পাবেন।

গত ২৩ নভেম্বর এ সুবিধা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে গুগল। ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ নামের এ ব্যবস্থার মাধ্যমে আগে থেকেই জিমেইল, গুগল ক্যালেন্ডার ও গুগল ফটোজের তথ্য ব্যবহার করে এআই মোডকে ব্যক্তিগতকরণের সুযোগ ছিল। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে গুগল ওয়ালেট, গুগল ড্রাইভ এবং জেমিনাই অ্যাপ। তবে সব অ্যাপের সংযোগ একসঙ্গে চালু হচ্ছে না। গুগল ওয়ালেটের সুবিধা পর্যায়ক্রমে চালু হচ্ছে, আর ড্রাইভ ও জেমিনাই অ্যাপের সংযোগ আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু করা হবে।

গুগল ওয়ালেট যুক্ত করলে ব্যবহারকারীর সংরক্ষিত কার্ড ও লেনদেনসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে খরচের ধরন বুঝতে, আর্থিক লক্ষ্য নির্ধারণ করতে এবং দৈনন্দিন ব্যয় কমানোর উপায় খুঁজে দিতে পারবে এআই মোড। এ ছাড়া ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক, ভ্রমণসুবিধা ও রিওয়ার্ড পয়েন্টের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শও দিতে পারবে। তবে ওয়ালেটের তথ্য পড়তে পারলেও এআই মোড ব্যবহারকারীর অর্থ স্থানান্তর, ব্যবস্থাপনা কিংবা বিনিয়োগ করতে পারবে না।

অন্যদিকে, গুগল ড্রাইভ যুক্ত হলে সেখানে থাকা ডকুমেন্ট, স্প্রেডশিট ও পিডিএফ ফাইলের তথ্য কাজে লাগিয়ে উত্তর তৈরি করতে পারবে এআই। যেমন, কর দেওয়ার সময় প্রয়োজনীয় নথি বিশ্লেষণ করে ব্যক্তিগত প্রস্তুতি পরিকল্পনা তৈরি করা সম্ভব হবে। জেমিনাই অ্যাপের সঙ্গে সংযোগ চালু হলে দুই প্ল্যাটফর্মের মধ্যে কথোপকথনের তথ্য আদান-প্রদান করা যাবে। ফলে জেমিনাইয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করলে পরে এআই মোডে একই প্রসঙ্গে নতুন করে সব তথ্য দিতে হবে না।

এ ছাড়া সার্চের এআই মোড ও এআই ওভারভিউসে সাম্প্রতিক সার্চের প্রসঙ্গ বিবেচনা করে আরও প্রাসঙ্গিক উত্তর দেখানোর সুবিধাও চালু করছে গুগল। ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়টি স্বচ্ছ করতে উত্তরের নিচে ‘পারসোনালাইজেশন’ আইকন যুক্ত করা হবে। এর মাধ্যমে কোন তথ্যের ভিত্তিতে উত্তর তৈরি হয়েছে, তা দেখা যাবে।

তবে ব্যক্তিগত অ্যাপগুলোর সঙ্গে সংযোগ বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা সার্চের পারসোনালাইজেশন সেটিংস থেকে পছন্দের অ্যাপ যুক্ত বা বিচ্ছিন্ন করতে পারবেন। গুগলের তথ্য ব্যবহারের নীতিমালা অনুযায়ী, সংযুক্ত অ্যাপের তথ্য সেবা উন্নয়ন ও এআই মডেল প্রশিক্ষণেও ব্যবহৃত হতে পারে। তাই ব্যক্তিগত বা গোপনীয় তথ্য সম্বলিত অ্যাপ যুক্ত করার আগে বিষয়টি বিবেচনায় রাখা জরুরী।

/এএ/
সম্পর্কিত
দুই মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, তথ্য ফাঁস
জটিল পাসওয়ার্ডই নিরাপদ নয়, সুরক্ষা যাচাই করবেন যেভাবে
এনভিডিয়ার সিইওর পদে ফেরার কৃতিত্ব নিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার
মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের কর্মী নিহত, পুলিশ বলছে খারাপ উদ্দেশ্য ছিল
ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের কর্মী নিহত, পুলিশ বলছে খারাপ উদ্দেশ্য ছিল
টকশো-ফেসবুকে আ.লীগের পক্ষে সাফাই গাইলে ব্যবস্থা চেয়ে রিট
টকশো-ফেসবুকে আ.লীগের পক্ষে সাফাই গাইলে ব্যবস্থা চেয়ে রিট
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য