সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠলেও, কখনও কখনও এটি চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সারাদিন ফোনে অনাকাঙ্ক্ষিত নোটিফিকেশনের টুংটাং শব্দ কিংবা বন্ধুদের অপ্রয়োজনীয় পোস্টে হুটহাট ট্যাগ হওয়া— কমবেশি সবাই এই সমস্যায় পড়েন।
ভালো খবর হলো, ফেসবুকের সেটিংসের কিছু সাধারণ পরিবর্তনের মাধ্যমে এই বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং চিরতরে বন্ধ করা সম্ভব। জেনে নিন তার সহজ উপায়:
১. বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করার নিয়ম
ফেসবুকে লাইভ, গেম রিকোয়েস্ট বা বিভিন্ন গ্রুপ থেকে আসা অনাকাঙ্ক্ষিত নোটিফিকেশন বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ ১: ফেসবুক অ্যাপের ডানদিকের উপরে থাকা নিজের প্রোফাইল ছবি বা থ্রি-লাইন অপশনে ট্যাপ করুন।
ধাপ ২: নিচে স্ক্রল করে সেটিংস এন্ড প্রাইভেসিতে গিয়ে সেটিংসে প্রবেশ করুন।
ধাপ ৩: এবার প্রেফারেন্সেস সেকশনের অধীনে থাকা নোটিফিকেশনস অপশনে ক্লিক করুন।
ধাপ ৪: এখানে আপনি কমেন্টস, ট্যাগ, রিমাইন্ডারস, গ্রুপস, ভিডিও, লাইভ ভিডিওস ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন।
ধাপ ৫: আপনার যে নোটিফিকেশনগুলো প্রয়োজন নেই (যেমন: লাইভ ভিডিওস বা গ্রুপস), সেগুলোতে ক্লিক করে ‘অ্যালো নোটিফিকেশনস অন ফেসবুক’ অপশনটি বন্ধ করে দিন।
২. অনুমতি ছাড়া অন্যের পোস্টে ট্যাগিং বন্ধ করার নিয়ম
কেউ আপনাকে কোনও পোস্টে ট্যাগ করলেই তা সরাসরি আপনার টাইমলাইনে চলে যাওয়া বন্ধ করতে ‘টাইমলাইন রিভিউ’ চালু করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটি করলে কেউ ট্যাগ করলেও আপনার অনুমতি ছাড়া তা আপনার প্রোফাইলে দেখাবে না।
ধাপ ১: পূর্বের নিয়মেই ফেসবুকের সেটিংসে যান।
ধাপ ২: স্ক্রল করে নিচে নেমে অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি সেকশনে থাকা প্রোফাইল এন্ড ট্যাগিং অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: রিভিউইং সাব-হেডিংয়ের নিচে ‘রিভিউ পোস্টস ইউর ট্যাগিং ইন বিফর দ্যা পোস্ট অ্যাপেয়ারস অন ইউর প্রোফাইল?’ অপশনটি চালু করে দিন।
ধাপ ৪: একই সঙ্গে ‘রিভিউ ট্যাগস দ্যাট পিপল অ্যাড টু ইউর পোস্টস..’ অপশনটিও চালু করে দিন।
এখন থেকে কেউ আপনাকে ট্যাগ করলে আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে। আপনি যদি অ্যাড টু প্রোফাইল দেন, কেবল তখনই সেটি আপনার টাইমলাইনে দেখা যাবে, অন্যথায় নয়।
৩. গণহারে সবাইকে দেওয়া ট্যাগ বা ‘@everyone’ নোটিফিকেশন বন্ধের উপায়
আজকাল গ্রুপগুলোতে অ্যাডমিনরা `@everyone` লিখে পোস্ট করলে সবার কাছে নোটিফিকেশন চলে যায়, যা অত্যন্ত বিরক্তিকর। এটি বন্ধ করতে:
সেটিংস > নোটিফিকেশনস > ট্যাগস অপশনে যান।
নিচে রিসিভ নোটিফিকেশনস ফর’ সেকশনে গিয়ে Batch @everyone mentions অপশনটি বন্ধ করে দিন।
এই সহজ সেটিংসগুলো পরিবর্তন করে নিলেই ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও শান্তিময় এবং অনাকাঙ্ক্ষিত বিরক্তি থেকে রক্ষা পাওয়া যাবে চিরতরে।









