ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কায় দেশের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে সাগর উত্তাল থাকায় গতকাল মঙ্গলবার থেকেই দেশের সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত বলা আছে।
আবহাওয়া অধিদফতর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আজ বুধবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে বুধবার দুপুর ৩টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ওই নৌ পথে লঞ্চ সার্ভিস বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।








