সাগরে সৃষ্টি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়বে আগামীকাল শনিবার (১৩ মে) থেকে। আজ শুক্রবার ঢাকার আকাশ মেঘলা হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ঢাকার আশেপাশের অনেক এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এতে কমে আসতে পারে চলমান দাবদাহ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আজ ঘূর্ণিঝড়ের প্রভাবে পড়বে না। কাল থেকে পড়তে শুরু করবে। আজকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। তবে আশেপাশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।’
আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ ঘণীভূত হয়ে প্রথমে প্রবল ঘূর্ণিঝড় এবং পরবর্তি সময়ে উত্তর দিকে সরে গিয়ে আরও ঘণীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়— চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপ প্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, শ্রীমঙ্গল, সন্দ্বীপ, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও হাতিয়া অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।









