বৈশাখ শুরুর আগে থেকেই দেশজুড়ে দেখা গিয়েছিল তীব্র গরমের। তবে, মাঝে মধ্যের বৃষ্টি সেই গরম কিছুটা কমিয়ে দিয়েছিল। কিন্তু, হালাক বৃষ্টি উত্তাপ যেন আরও বাড়াচ্ছিল। এমতাবস্থায় সারাদেশে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদফতর। সংস্থাটির অনুমান, সারাদেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমনকি, কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে এমনই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার সই করা পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দেওয়া পূর্বাভাসে সিনপটিক অবস্থার কথা জানিয়ে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়, আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আগামী শনিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
একই ধরনের আবহাওয়া আগামী রবি ও সোমবার থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে। এ সময়ে জেলাটিতে ৪৬ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। আর এ সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুরের রাজারহাটে, ২০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে, ৩৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।








