মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। দিনের শুরুতে কয়েকটি অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের পরবর্তী সময়েও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। শুক্রবার (২১ আগস্ট) থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ভোর থেকে দুপুরে ঝড়ো হাওয়ার সম্ভাবনা
আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ (এক) নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
সমুদ্রবন্দরে নেই সতর্কতা সংকেত
সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
ঢাকায় কেমন থাকবে আবহাওয়া
রাজধানী ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।
আগামী কয়েক দিনেও বৃষ্টির প্রবণতা
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ২১ আগস্ট থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অধিদফতর জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহারে অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।









