বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্ট হয়েছে। এই অবস্থায় নৌযানগুলোকে গভীর সমুদ্রে না যেতে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ (২৪ অক্টোবর) সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায়।
এদিকে, আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।