যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের বাড়িতে পৌঁছেছে। শনিবার দুপুর দেড়টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর আর্তনাদ আর কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা, স্বজনরা ও এলাকাবাসী। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বৃষ্টির মরদেহ। সব আনুষ্ঠানিকতা শেষ করে বেলা পৌনে ১১টার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। দুপুর দেড়টার দিকে বাড়িতে পৌঁছালে বৃষ্টিকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী।
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টি ও তার পরিবার ঢাকায় বসবাস করলেও গ্রামের বাড়ির সঙ্গে ছিল তার গভীর সম্পর্ক। ছুটি পেলেই বৃষ্টি বাড়িতে আসতেন। ছোটবেলা থেকেই মেধাবী ও ভদ্র স্বভাবের হওয়ায় এলাকায় সবার কাছে প্রিয় ছিলেন তিনি।
এদিকে, বৃষ্টির বাড়িতে চলছিল শেষ বিদায়ের প্রস্তুতি। কবর খোঁড়ার কাজ সম্পন্ন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকোত্তরে ভর্তি হন। পরে ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করতে যান।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়।
স্বজন ও এলাকাবাসীর দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
আরও খবর
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ
লিমন-বৃষ্টি হত্যা, তদন্তের মুখে ওপেনএআই
মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি
লিমন-বৃষ্টিকে হত্যায় হিশামকে অভিযুক্ত করলো পুলিশ
লিমন-বৃষ্টি হত্যা: প্রসিকিউটররা আদালতকে যা বললেন
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির লাশ উদ্ধার









