ইসলামী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। রবিবার (১৩ জানুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে অবস্থিত শিক্ষক সমিতির কার্যালয়ে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হয়। এসময় নতুন কমিটিকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরাল 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ও মুক্তিযুদ্ধের স্মারক 'মুক্ত বাংলা'তে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি-জামায়াত পন্থি শিক্ষক প্যানেলকে হারিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। এতে সভাপতি নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন। অর্থনীতি বিভাগের অধ্যাপক আলমগীর হোসেন ভুঁইয়া সাধারণ সম্পাদক পদে এক বছরের জন্য নির্বাচিত হন।







