৮০ হাজার হেক্টর পতিত জমি চাষাবাদের আওতায় এসেছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ১৪:০২ আপডেট : ২৭ জুন ২০২১, ১৬:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পতিত জমিতে কীভাবে ফসল ফলানো যায় তার জন্য মাটি নিয়ে গবেষণা চলছে। সেখানে গবেষণায় আমরা সাফল্য অর্জন করেছি। সরকার নতুন করে ৮০ হাজার হেক্টর পতিত জমি চাষাবাদের আওতায় আনতে সক্ষম হয়েছে বলেও জানান সরকার প্রধান। এখনও বহু জমি পতিত পড়ে আছে বলেও জানিয়েছেন তিনি। 

রবিবার (২৭ জুন) ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, বিভিন্ন চরাঞ্চল, বিশেষ করে শীতের সময় চরাঞ্চলের মাটি গবেষণা করে আমাদের গবেষকরা সেটা আবিষ্কার করেছেন। সেখানে নানা ধরনের ফসল উৎপাদন হচ্ছে। যেসব এলাকায় একসময় কোনও ফসলে হতো না, এখন সেখানে নানা ধরনের ফসল উৎপাদন হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৮০ হাজার হেক্টর পতিত জমি আমরা চাষাবাদের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। 

তিনি বলেন, আমাদের যে উন্নয়ন তাতে আমরা যথেষ্ট এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্য হলো এই করোনা আসার পর বাংলাদেশ শুধু নয় বিশ্বব্যাপী একটা স্থবিরতা এসে গেছে। যেটা সব থেকে দুঃখজনক। আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য সব থেকে কষ্টকর। আমরা ইতোমধ্যে করোনাকালে সাধারণ মানুষ যেন কষ্ট না পায় তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। 

সরকার প্রধান বলেন, যেহেতু করোনায় আবার মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে; কাজেই সবাই একটু সাবধানে থাকবেন। নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন। স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। নিজেকে সুরক্ষিত রাখবেন। সেটা আমার বিশেষ অনুরোধ। এ অবস্থা আমরা মোকাবিলা করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে, কিন্তু এক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। 

এ সময় করোনা মোকাবিলায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, জাতির পিতা সাধারণ মানুষের জন্য যতগুলো পদক্ষেপ নিয়েছিলেন, পঁচাত্তরের পর যারা ক্ষমতায় আসে তারা একে একে সবই বন্ধ করে দেয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই বাংলাদেশে আমরা দেখেছি ৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল, কৃষক সার পায়নি, পেয়েছিল গুলি।

শেখ হাসিনা বলেন, তখন আমরা বলেছিলাম আমরা আওয়ামী লীগ যদি সরকারে আসি, সারের জন্য কৃষকদের গুলি খাওয়া তো দূরের কথা দৌড়াদৌড়িও করতে হবে না। কৃষকের ঘরে (সার) পৌঁছে দেবো। সেই সময় আমরা স্লোগান তুলেছিলাম, কৃষক বাঁচাও দেশ বাঁচাও। কৃষকদের পাখির মতো গুলি করে হত্যা করেছিল খালেদা জিয়া সরকার।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য ছিল বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাদের খাদ্য নিরাপত্তা দেওয়া। সেই জন্য ভোট ও ভাতের অধিকার আন্দোলন আমরা শুরু করি। 

তিনি বলেন, আমরা সরকার গঠন করার পরপরই কৃষিকে সব থেকে গুরুত্ব দিয়েছে। জাতির পিতার নির্দেশিত পথেই আমরা আমাদের যাত্রা শুরু করি। সেই ৯৮ সালে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। পার্লামেন্টে আমরা যখন ঘোষণা দেই যে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিএনপি থেকে তখন প্রতিবাদ করে।

এ সময় ২০০৮ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে কৃষির উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি'র কথাই ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। কেন? বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। অর্থাৎ সারা জীবন বাংলাদেশ অন্যের কাছে হাত পেতে চলবে, ভিক্ষা করে চলবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলতেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা ভিক্ষুক হবো না। আমাদের মাটি আছে, মানুষ আছে। আমরা ফসল ফলাবো। নিজের পায়ে দাঁড়াবো, নিজের খাবার নিজে জোগাড় করবো। আমাদেরও সেই নীতি। ওদের নীতি ছিল কিছুটা ভিন্ন।

শেখ হাসিনা বলেন, আমরা কৃষি ও পল্লি উন্নয়ন খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছি। এখন তো করোনাভাইরাসের যুগ। মাত্র ১০ টাকায় একজন কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। সেই সঙ্গে কৃষি উপকরণের যে টাকা সেটা তাদের কাছে সরাসরি যাতে ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, সেই ব্যবস্থাটাও আমরা করেছি। 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের সব থেকে বেশি মর্যাদা দেয়। শুধু তা-ই না, আমরা বর্গাচাষিদের বঞ্চিত করিনি। বিনা জামানতে বর্গাচাষিদের আমরা ঋণ দেওয়া শুরু করি। তার উদ্দেশ্য ছিল তারা যেন সর্বশক্তি নিয়োগ করতে পারে উৎপাদনে। আমাদের মাটি এত উর্বর যে একটু গবেষণা করলে যেকোনও ফসল উৎপাদন করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম।

/পিএইচসি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’