চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিকাল ৫টা ১৬ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও নির্বাপণ হয়নি। ডাম্পিংয়ের কাজ চলছে।’
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যে গুদামটিতে আগুন লেগেছে সেটি মূলত একটি মবিলের গোডাউন। মবিল ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়া গুদামে থাকা তেলের ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা। তবে বড় ধরনের বিস্ফোরণ হয়নি।
নুরুল আমিন নামে এক দোকানি বলেন, ‘এলাকাটি ঘনবসতিপূর্ণ। বাসাবাড়ি ও দোকানপাট পাশাপাশি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত বড় ধরনের কোনও বিস্ফোরণ ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছি।’
স্থানীয় লোকজন জানান, আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আশপাশের বাসাবাড়ি ও ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। তেলের গুদাম এবং আশপাশের ঘনবসতিপূর্ণ পরিবেশের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সতর্কতার সঙ্গে কাজ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।