যশোরের মণিরামপুরে

সন্ত্রাসী হামলায় বাউল গানের আসর পণ্ড, ‘বড় কিছু না’ বলছে পুলিশ

যশোর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ২১:০৫ আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২১:০৫

যশোরের মণিরামপুর উপজেলার পাড়দিয়া গ্রামে সন্ত্রাসী হামলায় পণ্ড হয়ে গেলো ফকির মন্টু শাহের লালন স্মরণোৎসব। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও দুপুরে হামলার কারণে তা বন্ধ হয়ে যায়।

এই অঞ্চলের বাউল শিল্পীদের নিয়ে প্রতিবছর (২৫ নভেম্বর) ফকির মন্টুশাহ (এস এম ফজলুর রহমান) তার নিজ বাড়িতে আয়োজন করেন দুই দিনব্যাপী সাধু সংঘ। আজ সোমবার দুপুরে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পাড়দিয়া গ্রামে সেই সাধু সংঘের অনুষ্ঠানে হামলা চালায় স্থানীয় যুবদল ও ছাত্রদলের তিন জন নেতাকর্মী।

মন্টু ফকিরের অভিযোগ, রবিবার (২৪ নভেম্বর) স্থানীয় শ্যামকুড় ইউনিয়নের বিএনপি নেতা ফারুক হোসেন তাকে সাধু সংঘ বন্ধ করতে বলেন। তিনি ওই নেতাকে জানিয়েছিলেন, বিভিন্ন জায়গা থেকে বাউলরা তার বাড়িতে আসবে, কয়েকজন এসেছেনও। হঠাৎ করে বন্ধ করা যাচ্ছে না। তখন বলা হয়, যারা আসছে তাদের খাওয়াদাওয়া করিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হোক। কিন্তু আজ দুপুরে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শামিম খাঁ, জগন্নাথ ওরফে জগোসহ তিন জন একটি মোটরসাইকেলে তার বাড়িতে গিয়ে চড়াও হয়।

মন্টু ফকিরের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, এই তিন জন বাড়িতে ঢুকে তাদের টিনের বাড়িসহ আখড়ায় দা দিয়ে কোপাতে থাকে। ওই সময় তারা প্যান্ডেলের শামিয়ানা, চেয়ার, হাঁড়ি-পাতিল ভাঙচুর করে। তারা আখড়াঘরে থাকা কাঁথা-বালিশ ফেলে দেয় এবং ঘরে থাকা নগদ টাকা লুটে নেয়। ওই সময় তাদের ছেলে-বউয়ের দুইটি ছাগল নিয়ে টানাটানি করতে থাকে। নিষেধ করলে তারা টাকা দাবি করে। তখন তিনি একজন প্রতিবেশীর কাছ থেকে ৩ হাজার টাকা ধার করে তাদের দিলে তারা হুমকি দিয়ে চলে যায়।

ফকির মন্টুশাহ বলেন, ‘আগের দিন রাতে স্থানীয় বিএনপি নেতা ফারুক হোসেন আমাকে বাউল গানের আসর বন্ধ করতে বলেন। আজ সকালে শফি নামে আরেকজন এসে গানবাজনা বন্ধ করতে বলে যান। আমি তার কাছে আগত মেহমানদের জন্যে আয়োজন করা খাবার খাওয়ানোর অনুমতি চাইলে তিনি রাজি হন। কিন্তু দুপুর দেড়টার দিকে ছাত্রদল নেতা শামিম খাঁ, জগোসহ তিন জন মোটরসাইকেলে এসে খিস্তিখেউড় করতে করতে আমার বাড়িতে হামলা চালায়। তখনও বাউলরা সবাই এসে পৌঁছায়নি। তারা হামলা চালায় ও খানকায় থাকা মালামাল ছুঁড়ে ফেলে, দা দিয়ে বেড়ায় কোপায় আর সেখানে থাকা কিছু টাকা লুটে নেয়।’

তিনি অভিযোগ করেন, তারা আমার ছোট ছেলে শাহনেওয়াজকে ফোনে শাসায়। রাতে এসে তারা দশ হাজার টাকা নিয়ে যাবে। না দিলে আগুন জ্বালিয়ে দেবে। এ ঘটনার পর আমিসহ পরিবারের লোকজন জীবন নিয়ে শঙ্কায় রয়েছি। ভয়ের কারণে থানায় অভিযোগও দিতে পারছি না।

এদিকে, ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারসহ সাধু সংঘে আগত বাউল শিল্পীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

খুলনার চুকনগর থেকে সাধু সংঘে অংশ নেওয়া রফিক বাউল বলেন, ‘গত কয়েক বছর ধরে সাধু সংঘে আসি। এবারও এসে দেখি অনেক সাধু এসেছে। তবে মন্টু ফকিরের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। লালনের ঘর, ফকিরের খানকাঘরও ভাঙচুর, লুটপাট করা হয়েছে। মনটা খারাপ হয়ে গেলো।’

যশোর বাউলিয়া সংঘের সাধারণ সম্পাদক পরিতোষ বাউল জানান, এখানে জমজমাট সাধু সংঘ বসে। খুলনা বিভাগের অনেক সাধু এখানে আসর জমায়। বাউলরা মুক্তমনের মানুষ। তারা ধর্ম, জাত, রাজনীতি বোঝে না। অথচ সন্ত্রাসীদের এই হামলায় পণ্ড হয়ে গেলো সাধু সংঘের বাউল গান।

ঘটনার বিষয়ে জানতে শামিম খাঁকে ফোন করা হলে পরিচয় জানার পর তিনি তার ভাই পরিচয়ে জহির নামে একজনকে ধরিয়ে দেন। জহির তার সঙ্গে এ বিষয়ে কথা বলতে বলেন।

হামলার বিষয়ে তিনি বলেন, ‘মন্টু ফকিরের ওখানে গাঁজার আসর বসে। তিনি সেখানে গাঁজা বিক্রিও‌ করেন। স্থানীয় মুরুব্বিরা তাকে এসব বন্ধ করতে বললেও তিনি অব্যাহত রাখেন।’

ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এই অনুষ্ঠানের জন্যে শামিম মন্টু ফকিরকে ১৩ হাজার ৯০০ টাকা দেয়। যেহেতু অনুষ্ঠান হচ্ছে না, সেকারণে সে টাকা ফেরত চাইতে গিয়েছিল।’ এই কথা বলার পর তিনি ফোন কেটে দেন।

এসব বিষয়ে বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল বলেন, ‘আমাদের যে বাঙালি সংস্কৃতি, তার শিকড় উপড়ে ফেলার দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে আজ এই গ্রামে হামলা এবং বাউলদের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।’

জানতে চাইলে মণিরামপুর থানার ইন্সপেক্টর পলাশ বিশ্বাস বলেন, ‘ঘটনার বিষয়ে আমাদের কাছে কেউ কোনও অভিযোগ দেয়নি। তবে ঘটনা শুনে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। স্থানীয় কয়েকজন লোক তাদের ব্যানার ছিঁড়ে ফেলে। বড় ধরনের কিছু না।’

/কেএইচটি/
সম্পর্কিত
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, জামায়াতের নিন্দা
নেতার জানাজার পরপরই মিছিল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
সর্বশেষ খবর
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
অনলাইন ক্ষোভ থেকে স্পন্সর হারানো: চীনে এমবাপ্পে-বিতর্ক যে বার্তা দিলো
অনলাইন ক্ষোভ থেকে স্পন্সর হারানো: চীনে এমবাপ্পে-বিতর্ক যে বার্তা দিলো
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?