ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার মিসরের বিপক্ষে আর্জেন্টিনার মহাকাব্যিক জয় ছাপিয়ে এখন গুরুতর এক বিতর্ক ডালপালা মেলতে শুরু করেছে। ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর-এর কিছু বিতর্কিত সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে দাবি করে মিসর শিবির থেকে অভিযোগ তোলা হয়েছে যে, লিওনেল মেসির দলকে সুবিধা দিতে এই বিশ্বকাপে ‘কারসাজি’ করা হয়েছে। ম্যাচটিতে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর মাত্র ১৩ মিনিটে ৩ গোল দিয়ে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।
ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যমের কাছে ক্ষোভ উগড়ে দিয়ে মিসরের খেলোয়াড় জিকো বলেন, এটি মোটেও ন্যায্য নয়, রেফারি একদমই নিরপেক্ষ ছিলেন না। এটি অবিচার, স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার অবিচার। তিনি (রেফারি) একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে ছিলেন। আমরা আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে জিতে মাঠ ছাড়ব, এটি যেন কোনোভাবেই হতে দেওয়া যেত না। এই টুর্নামেন্টটি সাজানো। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আগামী ১০ জুলাই অনুষ্ঠেয় ফ্রান্স বনাম মরক্কোর হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। তবে এই প্যানেলের সব রেফারি হলেন আর্জেন্টাইন। সাধারণত রেফারিদের মধ্যে মাঠের যোগাযোগ ভালো রাখার সুবিধার্থে একই দেশের বা অঞ্চলের রেফারিদের একটি ম্যাচে দায়িত্ব দেওয়া খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। তবে টুর্নামেন্টের পরের পর্বে ফ্রান্স আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে পারে, এমন সমীকরণ মাথায় রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন এক ষড়যন্ত্র তত্ত্ব দানা বেঁধেছে। প্রকৃতপক্ষে, ২০২৬ বিশ্বকাপে এবারই প্রথম কোনও ম্যাচে শুধু একটি নির্দিষ্ট দেশের ম্যাচ অফিশিয়ালদের দায়িত্ব দেওয়া হচ্ছে।
ফিফা নিশ্চিত করেছে যে, ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফারিরা, যার প্রধান রেফারি হিসেবে থাকবেন ফাকুন্দো তেলো। এই ফাকুন্দো তেলো এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে পর্তুগালের বিরুদ্ধে মরক্কোর ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল জয়ের ম্যাচটিতেও প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তা সত্ত্বেও, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বড় অংশ আর্জেন্টিনা বনাম মিসর ম্যাচের সেই বিতর্কিত প্রসঙ্গ টেনে এই রেফারি নিয়োগের তীব্র সমালোচনা করছে।
এদিকে, এই বিতর্কের মধ্যেই শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে বোস্টনে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে মরক্কো জাতীয় ফুটবল দল। মরক্কো দলের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে খেলোয়াড়দের অনুশীলনের কিছু ছবি শেয়ার করে এই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়েছে। ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘কোয়ার্টার ফাইনালের আগে বোস্টনে আমাদের প্রথম অনুশীলন সেশন।’
সহ-আয়োজক কানাডাকে শেষ ষোলোর অত্যন্ত শারীরিক ও আক্রমণাত্মক এক ম্যাচে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে টানা দুটি আসরে কোয়ার্টার ফাইনালে ওঠার নতুন রেকর্ড গড়েছে মরক্কো। ম্যাচটি ছিল চলতি টুর্নামেন্টের অন্যতম আগ্রাসী ম্যাচ, যেখানে রেফারিকে ৮টি হলুদ কার্ড দেখাতে হয়েছে এবং ৩৮টি ফাউলের বাঁশি বাজাতে হয়েছে।
কানাডার বিপক্ষে প্রথমার্ধের চাপ সামলে নিয়ে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত আধিপত্য দেখায় অ্যাটলাস লায়নরা। ম্যাচে আজজেদিন উনাহি জোড়া গোল করেন, যা ১৯৯৮ সালের পর কোনও মরক্কো খেলোয়াড়ের বিশ্বকাপে প্রথম জোড়া গোলের রেকর্ড। পরে সুফিয়ান রাহিমি দলের হয়ে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। এই জয়ে আশরাফ হাকিমি এবং ব্রাহিম দিয়াজও রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। ১৯৬৬ সালের পর থেকে হিসাব করলে ডিফেন্ডারদের মধ্যে বিশ্বকাপে হাকিমি নিজের তৃতীয় অ্যাসিস্টের মাইলফলক ছুঁয়েছেন, অন্যদিকে ব্রাহিম দিয়াজ ৪টি অ্যাসিস্ট করে বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা আফ্রিকান খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন।
সূত্র: এনডিটিভি

ব্রাজিলের বিদায়ের কারণ কী নেইমার
পাওয়ার র্যাঙ্কিং: শীর্ষে ফ্রান্স, শক্তি দেখাচ্ছে ইংল্যান্ড, নড়বড়ে আর্জেন্টিনা
মেসি, এমবাপ্পে নাকি হালান্ড; গোল্ডেন বুটের সিংহাসন কার
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি





